Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে পাকিস্তানের কেউ না থাকার ব্যাখ্যা দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক

১০ মার্চ ২০২৫, ০৭:২৭ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে ট্রফি বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না থাকায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক দুই তারকা শোয়েব আখতার এবং ওয়াসিম আকরাম।  

এবারের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে। তবে অফিশিয়াল আয়োজক ছিল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে পদক ও ট্রফি বিতরণে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ সাইকিয়া। অথচ আয়োজক দেশ পাকিস্তানের কোনো প্রতিনিধি ছিলেন না ট্রফি বিতরণী মঞ্চে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

তবে এ ঘটনা সামনে আসতেই বেশিদূর এগোতে দেননি আইসিসি। জিও সুপারে পাকিস্তানের কেউ না থাকার ব্যাখা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির এক মুখপাত্র। তিনি বলেন, 'পিসিবি প্রধানকে আমন্ত্রণ জানানো হলেও নিজের ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি। 

আইসিসির মুখপাত্র আরও বলেন, এসব পুরস্কার বিতরণীতে আইসিসি শুধু বোর্ডের কর্তা ব্যক্তিদের ডেকে থাকে যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান অথবা সিইও। বোর্ডের অন্যান্য সদস্যরা মাঠে উপস্থিত থাকলেও তাদের ডাকা হয়  না। 

তবে পিসিবি কর্তা মহসীন নাকভীর কথা উল্লেখ করলেও নিজের বক্তব্যে পিসিবির সিইও সামির আহমেদ সৈয়দকে না ডাকার কোনো ব্যাখ্যা দেননি আইসিসির সেই মুখপাত্র।

উল্লেখ্য, ট্রফি বিতরণী মঞ্চে পাকিস্তানের কেউ না থাকায় ওয়াসিম বলেন, ‘যতটুকু জানি, পিসিবি চেয়ারম্যান সুস্থ নন। কিন্তু পিসিবি থেকে আরও যারা এসেছেন, যেমন সুমাইর আহমেদ (চিফ অপরারেটিং অফিসার) ও উসমান ওয়ালা (ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল)- তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমরা আয়োজক। তাই নয়কি? কিন্তু এটা কী করে হয়, পিসিবির পক্ষ থেকে কিংবা চেয়ারম্যানের পক্ষ থেকে যে প্রতিনিধিত্ব করছে, তাকে মঞ্চেই দেখা গেলো না? তাদের কি আমন্ত্রণ জানানো হয়নি? আমি জানি না ঘটনা আসলে কী। বিষয়টা আমার চোখে দৃষ্টিকটূ লেগেছে। কাপ তাদের হাত দিয়ে না দিলেও পাকিস্তানের একজন প্রতিনিধির সেখানে থাকা উচিত ছিল।’

একই সুরে শোয়েব আখতার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, ‘ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অদ্ভুত ব্যাপার হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ উপস্থিত ছিলেন না। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, কিন্তু তাদের কোনও প্রতিনিধি সেখানে দাঁড়াননি। ট্রফি দেওয়ার জন্যও না। ব্যাপারটা আমার বোধগম্য নয়। একটু ভেবে দেখুন, আয়োজক আমরা কিন্তু সেখানে আমাদের কেউ নেই। এটা দেখে খুব খারাপ লাগছে।’