স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম
চলতি মাসেই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে খেলা। আসন্ন এ টুর্নামেন্ট উপলক্ষে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তবে ম্যান ইন গ্রিনদের স্কোয়াড দেখে ভক্ত-সমর্থকদের মনে একটাই প্রশ্ন, তা ওপেনিং জুটি নিয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত পাকিস্তানের স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার হিসেবে আছেন কেবল ফখর জামান। স্কোয়াদ দেখার পর থেকেই তাই ভক্ত-সমর্থকরা হিসাব মেলানোর চেষ্টা ইয় আছেন, ফখরের সঙ্গে কে নামবেন ওপেনিংয়ে।
এর উত্তরই মিলেছে আজ। পাকিস্তানের নির্বাচক কমিটির সদস্য আসাদ শফিক জানিয়েছেন, ফখরের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে দেখা যেতে পারে বাবর আজমকে। তবে বাবর শুধু একা নন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, এ ভূমিকায় ফখরের সঙ্গে থাকতে পারেন সৌদ শাকিলও।
পিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসাদ শফিক বলেন, ‘ফখরের ওপেনিং সঙ্গী হতে পারেন বাবর আজম কিংবা সৌদ শাকিল। পরিবেশ, প্রতিপক্ষ ও ম্যাচের কৌশলের ওপর কে ওপেন করবে, সে বিষয়টি নির্ভর করছে।’
কদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরের সময় কেপটাউন টেস্টে ওপেন করে সফলতা পেয়েছিলেন বাবর আজম। সেই অভিজ্ঞতাই তাঁকে এগিয়ে রেখেছে বলে জানিয়েছেন আসাদ শফিক। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘টপ অর্ডারে দুই ব্যাটসম্যানই দারুণ সামর্থ্যবান। বাবর এ ভূমিকায় দারুণ অভিজ্ঞ, সে নিয়মিত টি-টোয়েন্টিতে ওপেন করে এবং কেপটাউন টেস্টে সাইম আইয়ুবের অনুপস্থিতিতে ওপেন করে দারুণ দুটি হাফ সেঞ্চুরিও করেছে।’
এদিকে ওয়ানডেতে ওপেনিংয়ে খেলা বাবরের জন্য নতুন এক অভিজ্ঞতা হবে তা বলাই যায়। র্যাঙ্কিংয়ের এক নম্বর এই ব্যাটার একদিনের ক্রিকেটে ওপেনিংয়ে খেলেছিলেন সবশেষ ২০১৫ সালে, দুই ম্যাচে করেছিলেন ২৬ রান। নতুন ব্যাটিং পজিশনে বাবর কেমন করেন সেটাই এখন দেখার অপেক্ষা।