images

স্পোর্টস / ক্রিকেট

সাকিবের ভিসা ইস্যুতে ফের নাটক

স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৯ এএম

গত বছর ভারত সফরের আগে ভিসা বিড়ম্বনায় পড়েছিলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার শোয়েব বশির ও রেহান আহমেদ। ঠিক সময়ে ভিসা না পাওয়ায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছিল বশিরকে। পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটারদের এমন জটিলতার মুখোমুখি হওয়ার ঘটনা এখনো ফুরোয়নি।

এবার ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। কিন্তু যাওয়ার আগে ভিসা জটিলতায় পড়তো হলো তাদের। সমস্যাটা তৈরি হয়েছে সাকিব মাহমুদের ভিসা না পাওয়া নিয়ে। সাকিব ইংল্যান্ডের হয়ে খেললেও তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। সেকারণেই তার ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে খবর একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের।

ভারতে যাওয়ার আগে আবুধাবিতে পেসারদের একটি ক্যাম্প করেছে ইংল্যান্ড। সেখানে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু নির্ধারিত সময়ে ভিসা না পাওয়ায় অনুশীলনের পরিকল্পনা ভেস্তে গেছে। সিরিজ শুরুর আগে ভিসা সমস্যা মিটবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ২২ জানুয়ারি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। তার আগে শুক্রবার (১৭ জানুয়ারি) কলকাতার উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে সফরকারী দলটির। এর আগেই সাকিব ভিসা হাতে পেয়ে যাবেন বলে আশা করছে ইসিবি।

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে ২৯ ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী সাকিব মাহমুদ। সব মিলিয়ে তিনি উইকেট নিয়েছেন ৩৮টি। ভারত সফরে ৫টি টি-টোয়েন্টি ছাড়াও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা। ওয়ানডে সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি থেকে।