Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

সালাহ-হাকিমি নন, আফ্রিকার বর্ষসেরা ফুটবলার লুকমান

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

বায়ার্ন মিউনিখের রাজত্বে হানা দিয়ে গত মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জিতে নিয়েছিল বায়ার লেভারকুসেন। জাবি আলোনসোর শিষ্যরা গত মৌসুমেই খেলেছি ইউরোপা লিগের ফাইনালেও। ৩৪ ম্যাচ অপরাজিত থাকা দলটি শিরোপার লড়াইয়ে ফেভারিট থাকলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। আর তা সম্ভব হয়নি প্রতিপক্ষ আতালান্তার আদেমালো লুকমানের হ্যাটট্রিকের কারণেই।

লুকমানের হ্যাটট্রিকে বায়ার লেভারকুসেনকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতে নেয় আতালান্তা। আতালান্তার শিরোপা জয়ের পথে গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন লুকমান। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতালিয়ান ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচে ২৭টি গোলে অবদান রেখেছেন তিনি, নিজে ১৭ গোল করার পাশাপাশি তিনি করিয়েছেন ১০ গোল।

এছাড়া জাতীয় দলের জার্সিতেও তিনি ছিলেন উজ্জ্বল। আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে ওঠেছিল নাইজেরিয়া, আর নাইজেরিয়াকে ফাইনালে তুলার পথে তিনি করেছিলেন ৩ গোল। জাতীয় দল ও ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্সের কারণেই আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লুকমান।

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার দৌড়ে আরও ছিলেন মরক্কোর আশরাফ হাকিমি, গিনির সেরহু গুইরাসি, কোত দি ভোয়ার সাইমন আদিনগ্রা ও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। তবে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেষ পর্যন্ত এ পুরস্কার ওঠেছে লুকমানের হাতেই।

লুকমান জন্ম নিয়েছেন ইংল্যান্ডে। তবে জাতীয় দল হিসেবে তিনি বেছে নিয়েছেন পিতা-মাতার জন্মস্থান নাইজেরিয়াকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন, ফুলহ্যাম ও লেস্টার সিটির হয়ে তিনি খেলেছেন আগে, ২০২২ সালে পাড়ি জমান ইতালিতে, যোগ দেন আতালান্তায়।

ইউরোপা লিগ জয়ের মধ্য দিয়ে ১৯৬৩ সালের পর প্রথম বড় কোনো শিরোপা জিতেছে আতালান্তা। এবারের মৌসুমেও সিরি আয় উড়ছে দলটি। এদিকে মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন ওরলান্ডো প্রাইড স্ট্রাইকার বারব্রা বান্ডা।