স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ১০:৩০ এএম
গতকাল রাতের আগ পর্যন্ত ফুটবল সমর্থকদের অধিকাংশই একটি ব্যাপারে অন্তত একমত ছিলেন যে এবারের ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জিততে না পারলেও ক্লাবের হয়ে তিনি ছিলেন বেশ সফল। তবে রিয়াল মাদ্রিদের একাধিক শিরোপা জয়ের মৌসুমেও শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের ভাগ্যের শিকে ছিঁড়েনি।
গতকাল সন্ধ্যার পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে চাউর হয় এক গুঞ্জণ। ভিনিসিয়ুস ব্যালন ডি’অর পাচ্ছেন না এমন খবর ছড়িয়ে পড়ে। অবশেষে এ গুঞ্জণই সত্যি হয়েছে। ভিনিসিয়ুস নয়, প্যারিসের থিয়েটার দু শাতলেতে সুখবর পেয়েছেন রদ্রি। স্পেনের এই মিডফিল্ডার জিতেছেন এবারের পুরস্কার।
গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের পথে ভিনিসিয়ুস জুনিয়র গোল করেছেন ২৪টি। এছাড়া সতীর্থদেরও ১১ গোল করতে সহায়তা করেছেন এ ব্রাজিলিয়ান উইঙ্গার। অন্যদিকে গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা রদ্রি জাতীয় দল স্পেনের হয়ে জিতেছেন ইউরো শিরোপাও।
এদিকে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়াটা ঠিক মেনে নেয়নি রিয়াল মাদ্রিদ। ভিনি ছাড়াও এ পুরস্কার পাওয়ার তালিকায় আরও ছিলেন রিয়ালের জুড বেলিংহাম ও দানি কার্ভাহালও। বেলিংহাম জাতীয় দলের হয়ে শিরোপা না জিতলেও কার্ভাহাল রিয়ালের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জিতেছেন। রিয়ালের পনেরতম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে রক্ষণে পুরো মোউসুমজুড়ে গুরুদায়িত্ব পালন করেছেন তিনি।
সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের কেউই গতকাল ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে যোগ দেয়নি। এ অনুষ্ঠানকে এক প্রকার বয়কটই করেছে স্প্যানিশ ক্লাবটি। এদিকে দুর্দান্ত পারফর্ম করেও ব্যালন ডি’অর না পাওয়ায় ভিনিসিয়ুসও খুশি নন। এ নিয়ে গতকাল সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।
এক্সে দেয়া এক পোস্টে নিজের হতাশার কথা জানিয়েছেন ভিনিসিয়ুস। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা (ব্যালন ডি’অর) জিততে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো করবো আমি। তারা এর জন্য একদমই প্রস্তুত নয়।’