স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ০২:১৪ পিএম
ভারতের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কা সফর। সেখানে গিয়ে কোচ গৌতম ও অধিনায়ক সূর্যকুমার যাদবের জুটিতে ম্যান ইন ব্লুরা টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল। সামনেই দক্ষিণ আফ্রিকা সফর ভারতের। সেখানে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সুর্যকুমার-পান্ডিয়ারা। তবে সেই সফরে কোচ হিসেবে যাবেন না গম্ভীর। এমনটায় জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সূর্যদের হেড কোচের দায়িত্বে দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে। জানা যায়, দেশের মাটিতে চলতি ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের শেষে রোহিত-বিরাটদের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি দেবেন গম্ভীর। যে কারণে ৮ নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সময় ভারতীয় দলের সঙ্গে থাকা হবে না তিনি।
বর্তমানে ভিভিএস লক্ষ্মণ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বে সামলান। ২০২১ সাল থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন। রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচ থাকাকালীনও লক্ষ্মণকে একাধিক বিদেশ সফরে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্বে দেখা গিয়েছে। তেমনটাই এ বার প্রোটিয়া সফরে হতে চলেছে।
জানা যায়, এনসিএতে লক্ষ্মণের যে সাপোর্ট স্টাফ রয়েছেন, অর্থাৎ সাইরাজ বাহুতুলে, হৃষিকেশ কানিতকর ও শুভদীপ ঘোষরাও দক্ষিণ আফ্রিকায় যাবেন। বাহুতুলে বোলিং, কানিতকর ব্যাটিং ও শুভদীপ ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন।
দক্ষিণ আফ্রিকা এই সিরিজের জন্য এরইমধ্যে দলও ঘোষণা করেছে ভারত। যার নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচের ভেন্যুগুলো যথাক্রমে কিংসম্যাড, সেন্ট জর্জ, সুপারস্পোর্ট পার্ক ও ওয়ান্ডারার্স স্টেডিয়াম।
ভারত স্কোয়াড- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শার্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রামানদীপ সিংহ, ভরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিংহ, বিজয়কুমার, আভেশ খান ও ইয়াশ দয়াল।