স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম
বাংলাদেশের ইতিহাসে প্রথম ফিফা নারী হিসেবে রেফারি ব্যাজ ছিলো জয়া চাকমার। টানা চার বছর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার রেফারি ব্যাজ ছিলো জয়া চাকমার। কিন্তু এবার ফিফার ফিফা রেফারি ব্যাজ হারাতে যাচ্ছেন সাবেক এই ফুটবলার। নতুন বছরের জন্য ফিফার রেফারিদের পরীক্ষায় পাস করতে পারেননি জয়া চাকমা।
২০১৯ সালে জয়া চাকমা প্রথমবার পেয়েছিলেন ফিফা রেফারি ব্যাজ। এরপর থেকে ফিফার প্রতি বছর রেফারিদের পরীক্ষায় পাস করে ব্যাজ ধরে রাখেন জয়া চাকমা। এবার আর সেটা পারেননি তিনি।
শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষা হয়। শারীরিক অসুস্থতার জন্য জয়া দ্বিতীয় দফার পরীক্ষাতেও ফিটনেসে পাশ করতে পারেননি। ফলে ফিফা রেফারি হিসেবে তার নাম যাচ্ছে না এমনটাই জানালেন রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব হাসান।
তিনি বলেন, ‘আজ পরীক্ষার পর আমাদের রেফারিজ কমিটির সভা হয়েছে। সেখানে শুধু উত্তীর্ণদের নামই ফিফায় প্রেরণের সিদ্ধান্ত হয়েছে।’
আগামী সোমবারের মধ্যে ফিফায় রেফারি ও সহকারী রেফারিদের নাম পাঠাতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বাফুফে একদিন আগেই তালিকা প্রেরণ করবে বলে জানালেন তৈয়ব হাসান, ‘রেফারি ও সহকারী রেফারির তালিকা চূড়ান্ত করে আগামীকাল আমরা প্রেরণ করব।’
গত বছরে ফিটনেস পরীক্ষায় অনুত্তীর্ণদেরও নাম পাঠানো হলেও, এই বার নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে না বাফুফের রেফারিজ কমিটি। তবে আরেক ফিফা ব্যাজধারী সহকারী নারী রেফারি সালমা ইসলাম টিকে গেছেন ফিটনেস পরীক্ষায়। যদিও তিনি বাংলাদেশে পরীক্ষায় অংশ নেননি। দেশের বাইরে এএফসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সালমা ইসলামের আলাদা করে পরীক্ষার প্রয়োজন হয়নি।