Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ইউরোর ফাইনালে স্পেন-ইংল্যান্ড লড়াই কবে-কখন?

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই ২০২৪, ০২:৩১ পিএম

দেখতে দেখতেই শেষ হওয়ার পথে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের লড়াই। ২৪ দল নিয়ে যাত্রা শুরু করা এ টুর্নামেন্ট গ্রুপ পর্ব এবং নক-আউট রাউন্ড পেরিয়ে এখন এসে পৌছেছে ২ দলে। ফাইনালে স্পেন এবং ইংল্যান্ডের লড়াই দিয়ে নির্ধারিত হবে এবারের আসরে চ্যাম্পিয়ন।

ইউরোর এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত এক দল স্পেন। তারুণ্যে ঠাসা এই দল লুই দে লা ফুয়েন্তার অধীনে দাপুটে ফুটবল খেলেছে। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। এর আগে নক-আউট রাউন্ডে জয় পেয়েছে বড় দুই দলের বিপক্ষে।

 

স্বাগতিক জার্মানিকে কোয়ার্টার ফাইনালে হারানোর পর শেষ চারের লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন লামিনে ইয়ামাল-নিকো উইলিয়ামসরা। এবারের আসরে শিরোপা জয়ের অন্যতম ফেবারিট দল তাই স্প্যানিশরাই।

এদিকে গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ড। আসরজুড়ে খুব একটা দাপুটে পারফর্ম করতে পারেনি গ্যারেথ সাউথগেটের দল। তবে হ্যারি কেইনরা ঠিকই জায়গা করে নেন শেষ চারের লড়াইয়ে যেখানে গতকাল ডাচদের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে দারুণ এক জয় পেয়েছে তারা। ২-১ গোলের এই জয়ে স্পেনের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছেন জুড বেলিংহামরা।

এবার অপেক্ষা এ দুই দলের শিরোপা লড়াইয়ের। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে আগামী রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় মাঠে নামবে দুই দল।