Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

টাইগারদের হয়ে সাদা পোশাকে দিপুর অভিষেক

স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম

বাংলাদেশের ক্রিকেটে মাঠের বাইরের ঘটনাবলী নিয়েই এখন খবর হচ্ছে বেশি। জাতীয় দলের ক্রিকেটারের পাশাপাশি এবার রাজনৈতিক পরিচয়ও গায়ে জড়িয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা করছেন। মাশরাফির মত তিনিও সংসদ সদস্য হওয়ার দৌড়ে আছেন। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করার পর ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা তামিম ইকবালের, তবে শেষ পর্যন্ত দলে জায়গা পাননি তিনি। এরপর আর ফিরেননি খেলার মাঠে। শেষ পর্যন্ত ফিরবেন কিনা তা জানতে অপেক্ষা করতে বলেছেন জানুয়ারী পর্যন্ত। এসব ডামাদোলের মাঝেই আজ শুরু ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ। আর আজ প্রথম টেস্ট দিয়েই বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষিক্ত হলেন শাহাদত হোসেন দিপু।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর টাইগারদের হয়ে আজ ব্যাট হাতে ইনিংসের সূচনা করেছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান।  

 

 নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে সম্পূর্ণ তরুণ এক দল নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের মতো ক্রিকেটার। নেই তামিম ইকবাল ও লিটন দাসও। ফলে আজ একাদশে জায়গা পেয়েছেন দিপু।

বাংলাদেশের টেস্ট ইতিহাসের ১০২তম ক্রিকেটার হিসেবে আজ অভিষেক হয়েছে দিপুর। মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলবেন তিনি। এদিকে দিপুর মত আজ সাদা পোশাকের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে শান্তর। কুইদের বিপক্ষে এ সিরিজে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

 

বাংলাদেশ একাদশ: 

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন।

 

 

নিউজিলান্ড একাদশ:

ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), আজাজ প্যাটেল