২৭ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
২০১৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। সেবারের চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এরপর আট বছর পরে আট দল নিয়ে ২০২৫ সালে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের স্বাগতিক পাকিস্তান এমনটিই ঠিক করা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি বাবর-রিজওয়ানদের ঘরের মাঠে হওয়ার ক্ষেত্রে বাদ সেধেছে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক।
এক্ষেত্রেও ভারত যদি শেষপর্যন্ত পাকিস্তানে গিয়ে না খেলে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে দুবাইয়ে। নয়তো এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল অনুসরণ করা হতে পারে, এমনটায় জানায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে।
এদিকে ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য দারুণ আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের তরফে অনুরোধ করা হয়েছে, এখনই আইসিসি একটি চুক্তি স্বাক্ষর করুক। সেই চুক্তিতে উল্লেখ থাকবে, যদি রাজনৈতিক,কূটনৈতিক এবং নিরাপত্তাজনিত কারণ দর্শিয়ে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে না চায়, তাহলে পিসিবিকে ক্ষতিপূরণ দিতে হবে।
২০২৫ অবশ্য এখনও ঢের দেরি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে যে ঝড় উঠবে তা বলাই বাহুল্য। শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে না হলে, দুবাইয়ে হবে এই টুর্নামেন্ট। আট দেশের এই টুর্নামেন্টের বল শেষ পর্যন্ত কোথায় গড়ায় সেটাই এখন দেখার।