Dhaka Mail Logo

বিজ্ঞান

বাদ পড়তে পারে ‘লিপ সেকেন্ড’: বড় পরিবর্তনের মুখে বিশ্বমানের সময়

বিজ্ঞান ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

বিশ্বজুড়ে সময়ের হিসাব রাখার পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। পারমাণবিক ঘড়ির নির্ভুল সময়ের সঙ্গে পৃথিবীর অনিয়মিত ঘূর্ণনের সামঞ্জস্য রাখতে ব্যবহৃত ‘লিপ সেকেন্ড’ ব্যবস্থা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। এই সিদ্ধান্ত অনুমোদিত হলে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা, আর্থিক লেনদেন এবং সফটওয়্যার সিস্টেমে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

ভার্সাইয়ের বৈঠকে ভোটাভুটি

ফ্রান্সের ভার্সাইয়ে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স (BIPM)-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিদের বৈঠকে লিপ সেকেন্ড তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হচ্ছে। সংস্থাটির ৬৯টি সদস্য দেশ এতে অংশ নিয়েছে। প্রস্তাবটি পাস হলে ঘন ঘন এক সেকেন্ড যোগ বা বিয়োগ করার প্রয়োজন কমবে। এর পরিবর্তে ভবিষ্যতে সময়ের ব্যবধান অন্তত এক ঘণ্টায় পৌঁছালে ‘লিপ আওয়ার’ চালুর ধারণা বিবেচনা করা হচ্ছে।

clock_2019_12_09_17_05_23

কেন এই পরিবর্তন?

চাঁদের মহাকর্ষীয় প্রভাব ও জোয়ার-ভাটার কারণে পৃথিবীর ঘূর্ণন গতি দীর্ঘমেয়াদে ধীরে ধীরে কমলেও, স্বল্পমেয়াদে তা কখনো বাড়ে বা কমে। ১৯৭২ সালে লিপ সেকেন্ড চালু করার পর থেকে ঘড়ির সময়ের সঙ্গে মোট ২৭ বার অতিরিক্ত এক সেকেন্ড যোগ করা হয়েছে (সর্বশেষ ২০১৬ সালে)। কিন্তু গত এক দশকে পৃথিবীর ঘূর্ণন গতি কমার বদলে কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে পারমাণবিক ঘড়ির সঙ্গে সামঞ্জস্য রাখতে এখন সেকেন্ড বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

35ceedee9adc77f50c4b2246f64a450d

প্রযুক্তি ও সার্ভারে সম্ভাব্য প্রভাব

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মে মাস থেকে নতুন এই হিসাব পদ্ধতি কার্যকর হতে পারে। এর ফলে বিভিন্ন সফটওয়্যার, নেটওয়ার্ক সার্ভার ও ডিজিটাল প্রযুক্তিতে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে। ইন্টারনেটে সঠিক সময়ের ওপর নির্ভরশীল আর্থিক লেনদেন বা বিভিন্ন সিস্টেম সাময়িকভাবে ক্র্যাশ করার ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তবে লিপ সেকেন্ড ব্যবস্থা বন্ধ হলেও বিজ্ঞানীরা আগের মতোই দূরবর্তী জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু পর্যবেক্ষণ করে পৃথিবীর ঘূর্ণন ও অ্যাটমিক ক্লকের সময়ের পার্থক্য পরিমাপ করে যাবেন।

এজেড