Dhaka Mail Logo

বিজ্ঞান / শিক্ষা

বিশ্বের ২ শতাংশ শীর্ষ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন ৩৪৭ জন গবেষক। তাদের প্রতিনিধিত্বে দেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত চলতি বছরের গবেষণার ভিত্তিতে তৈরি তালিকায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডস ভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে তালিকাটি প্রকাশ করেছে।

গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষক নির্বাচন করা হয়েছে।

২০২৬ সালের তালিকায় বাংলাদেশ থেকে ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ২৮৬ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে তালিকায় বাংলাদেশের গবেষক বেড়েছে ৬১ জন, যা ২১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি।

গবেষকের সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৫তম। গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।

২০২৫ সালে বাংলাদেশের ৭৪টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষকেরা তালিকায় স্থান পেয়েছিলেন। চলতি বছর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮টিতে। অর্থাৎ এক বছরে প্রতিষ্ঠানসংখ্যা বেড়েছে ১৪টি বা ১৮ দশমিক ৯ শতাংশ।

প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে তালিকার শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ২২ জন শিক্ষক ও গবেষক বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। প্রতিষ্ঠানটির ২০ জন গবেষক এ তালিকায় জায়গা করে নিয়েছেন।

তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ১৬ জন গবেষক তালিকায় স্থান পেয়েছেন। একই সংখ্যক গবেষক নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৫ জন গবেষক তালিকায় স্থান পেয়েছেন। ষষ্ঠ অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের ১১ জন গবেষক তালিকায় রয়েছেন।

সপ্তম অবস্থানে থাকা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ১১ জন বিজ্ঞানী তালিকায় জায়গা পেয়েছেন। অষ্টম অবস্থানে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ১০ জন গবেষক এ স্বীকৃতি পেয়েছেন।

নবম অবস্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের ১০ জন গবেষক তালিকায় স্থান পেয়েছেন। একই সংখ্যক গবেষক নিয়ে দশম অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এম/এসআই