images

বিজ্ঞান

পানি দিয়ে জ্বলবে আগুন, হবে রান্নাবান্না: গ্যাসের বিকল্প চুলা ‍উদ্ভাবন

বিজ্ঞান ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ এএম

আগুন জ্বলবে পানিতেই! বোতলে করে সাধারণ পানি ভরে স্টোভে দিলেই দাউদাউ করে জ্বলবে আগুন, আর তাতেই সেরে নেওয়া যাবে প্রতিদিনের রান্না। নেই ধোঁয়ার ঝামেলা, নেই কার্বন-ডাই-অক্সাইডের দূষণ। এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান দাম ও সংকটের এই সময়ে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাজারে আসার অপেক্ষায় ‘গ্রিন হাইড্রোজেন স্টোভ’।

বর্তমানে রান্নার গ্যাসের বিকল্প হিসেবে অনেকেই ইনডাকশন বা ইনফ্রারেড কুকার ব্যবহার করছেন। তবে প্রযুক্তিবিদরা এবার এমন এক স্টোভ নিয়ে আসছেন, যা সরাসরি পানি থেকে জ্বালানি তৈরি করবে। এটি ব্যবহারের ফলে একদিকে যেমন জ্বালানি খরচ কমবে, অন্যদিকে পরিবেশও থাকবে সুরক্ষিত।

কী এই গ্রিন হাইড্রোজেন স্টোভ?

গ্রিন হাইড্রোজেন বা সবুজ হাইড্রোজেনের ধারণাটি মূলত পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য শক্তির একটি উৎস। সৌর বা বায়ু শক্তির সাহায্যে পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে হাইড্রোজেন তৈরি হয়, তাকেই বলা হয় গ্রিন হাইড্রোজেন। যেহেতু এটি প্রাকৃতিক উৎস থেকে তৈরি, তাই রান্নার সময় কোনো বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় না।

chula

স্টোভটি যেভাবে কাজ করবে

এই হাইড্রোজেন স্টোভটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এবং এতে দুটি বার্নার থাকবে। এর ভেতরে থাকা ‘প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন’ (PEM) ইলেকট্রোলাইজার প্রযুক্তি ব্যবহার করে বিশুদ্ধ খাবার পানি থেকে গ্রিন হাইড্রোজেন উৎপাদন করবে। স্টোভটিতে এমন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে যা হাইড্রোজেনের প্রবাহ নিয়ন্ত্রণ করবে, ফলে রান্নায় আগুনের আঁচ থাকবে একদম সঠিক এবং এটি হবে সম্পূর্ণ নিরাপদ। এমনকি বিদ্যুতের খরচ কমাতে এটিকে সোলার প্যানেলের সঙ্গেও সংযুক্ত করা যাবে।

আরও পড়ুন: ইন্ডাকশন ওভেনের জন্য কী ধরনের হাড়ি-পাতিল কিনবেন?

দাম কত পড়বে?

প্রযুক্তিটি নতুন হওয়ায় শুরুর দিকে এটি কিছুটা ব্যয়সাপেক্ষ হতে পারে। প্রাথমিকভাবে একটি গ্রিন হাইড্রোজেন স্টোভের দাম পড়তে পারে প্রায় ১.৫ লাখ টাকার মতো। তবে দীর্ঘমেয়াদী চিন্তা করলে এতে সিলিন্ডার বা গ্যাস বিলের ঝামেলা নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে সরকারি ভর্তুকি এবং গণহারে উৎপাদন শুরু হলে এর দাম ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে নেমে আসতে পারে, যা মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যেই থাকবে।

তথ্যসূত্র: এবিপি

এজেড