বিজ্ঞান ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ০১:০১ এএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ঘনীভূত হচ্ছে। গ্যাস সিলিন্ডারের ক্রমবর্ধমান দাম এবং বুকিং দিয়েও সময়মতো না পাওয়ার বিড়ম্বনা থেকে বাঁচতে অনেকেই এখন ঝুঁকছেন ইন্ডাকশন ওভেনের দিকে। তবে শুধু ওভেন কিনলেই হবে না, রান্নার জন্য প্রয়োজন সঠিক ধরনের হাড়ি-পাতিল। ভুল হাড়ি-পাতিল ব্যবহারে যেমন রান্না ব্যাহত হয়, তেমনি বিদ্যুৎ বিলও বেড়ে যেতে পারে কয়েকগুণ। তাই ইন্ডাকশন ওভেনের জন্য উপযুক্ত পাত্র কেনার আগে কোন বিষয়গুলো নিশ্চিত করবেন, তা জেনে নেওয়া জরুরি।
১. ফেরোম্যাগনেটিক বেস (চৌম্বকীয় তলা)
ইন্ডাকশন ওভেনের হাড়ি-পাতিলের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর তলাটি হতে হবে চৌম্বকীয়। সাধারণত কাস্ট আয়রন, ম্যাগনেটিক স্টেইনলেস স্টিল (যেমন ৪৩০ গ্রেড) অথবা অ্যালুমিনিয়াম কোরের ওপর স্টেইনলেস স্টিলের স্তর দেওয়া হাড়ি-পাতিল এই ওভেনের জন্য উপযুক্ত।

২. সমতল ও পুরু তলা
ইন্ডাকশনে রান্নার জন্য হাড়ি-পাতিলের তলা একদম সমতল হওয়া বাধ্যতামূলক। তলা যদি সামান্য বাঁকা বা এবড়োখেবড়ো হয়, তবে তাপ সমানভাবে প্রবাহিত হবে না। এছাড়া হাড়ি-পাতিল বেশ পুরু ও ভারী হওয়া প্রয়োজন, যাতে উচ্চ তাপেও তলা বেঁকে না যায়।
৩. সমানভাবে তাপ ছড়ানো
ভালো মানের ইন্ডাকশন হাড়ি-পাতিল এমনভাবে তৈরি করা হয় যাতে তলার প্রতিটি অংশে তাপ সমানভাবে পৌঁছায়। এতে খাবারের কোনো অংশ কাঁচা থাকে না বা কোথাও অতিরিক্ত গরম হয়ে (হট স্পট) পুড়ে যাওয়ার ভয় থাকে না।

৪. চৌম্বক পরীক্ষা (ম্যাগনেট টেস্ট)
আপনার পছন্দের হাড়ি-পাতিলটি ইন্ডাকশন ওভেনে চলবে কি না তা বোঝার সবথেকে সহজ উপায় হলো একটি সাধারণ চুম্বক ব্যবহার করা। যদি কোনো চুম্বক হাড়ি-পাতিলের তলার সাথে শক্তভাবে লেগে থাকে, তবে বুঝবেন সেটি আপনার ইন্ডাকশন ওভেনের জন্য আদর্শ।
আরও পড়ুন: এই ছোট ভুলেই পুড়ে যেতে পারে ইন্ডাকশন কুকার: জানুন ব্যবহারের সঠিক নিয়ম
৫. ইন্ডাকশন চিহ্নের উপস্থিতি
বাজারে এখন অনেক হাড়ি-পাতিলের গায়ে নির্মাতারা একটি বিশেষ চিহ্ন দিয়ে দেন। এটি সাধারণত একটি আড়াআড়ি জিগজ্যাগ বা কুণ্ডলীর (Coil) মতো দেখতে হয়। হাড়ি-পাতিল কেনার আগে এই 'ইন্ডাকশন ফ্রেন্ডলি' লোগোটি দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ।

৬. সঠিক উপাদানের নির্বাচন
মনে রাখবেন, সাধারণ অ্যালুমিনিয়াম, তামা বা কাঁচের হাড়ি-পাতিল সরাসরি ইন্ডাকশন ওভেনে কাজ করবে না। যদি না সেগুলোর নিচে আলাদা করে ফেরোম্যাগনেটিক স্টিলের স্তর লাগানো থাকে। তাই কেনার সময় উপাদানের বিষয়ে বিক্রেতার কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।
এজেড