বিজ্ঞান ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম
সাদা ধবধবে আলো আর সাশ্রয়ী বিদ্যুৎ বিলের কারণে বর্তমানে প্রায় প্রতিটি ঘরেই সনাতনী হলুদ বাল্বের জায়গা দখল করে নিয়েছে এলইডি (LED) বাল্ব। তবে আধুনিক এই প্রযুক্তির সঙ্গে আমরা মাঝেমধ্যেই এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হই। অনেক সময় দেখা যায়, ঘরের সুইচ বন্ধ করার পরেও এলইডি বাল্বটি পুরোপুরি নিভে যাচ্ছে না; বরং মৃদু আলো ছড়াচ্ছে কিংবা মাঝেমধ্যে মিটমিট করে কাঁপছে। অন্ধকারে হুট করে এমন দৃশ্য দেখে অনেকেই একে ‘ভুতুড়ে’ কোনো কাণ্ড ভেবে বসেন। তবে বিজ্ঞান বলছে, এর পেছনে রহস্যময় কিছু নেই, বরং লুকিয়ে আছে সাধারণ কিছু যান্ত্রিক কারণ।
কেন সুইচ বন্ধ থাকলেও এলইডি বাল্ব জ্বলে থাকে এবং এর সমাধান কী, তা নিচে আলোচনা করা হলো-
১. নিম্নমানের বাল্ব ও অভ্যন্তরীণ সক্ষমতা
এলইডি বাল্ব জ্বলে থাকার অন্যতম প্রধান কারণ হলো এর গুণগত মান। বাজারে সস্তায় পাওয়া অনেক নিম্নমানের বাল্বে সঠিক সার্কিট ডিজাইন থাকে না। এলইডি অত্যন্ত কম শক্তিতেও জ্বলতে পারে। বাল্বের ভেতরে থাকা ক্যাপাসিটর অনেক সময় সুইচ বন্ধ করার পরেও কিছু পরিমাণ বিদ্যুৎ ধরে রাখে। ফলে সেই অবশিষ্ট বিদ্যুৎ খরচ না হওয়া পর্যন্ত বাল্বটি হালকা আভা ছড়াতে থাকে। ভালো মানের বা ব্র্যান্ডের বাল্ব ব্যবহার করলে সাধারণত এই সমস্যা দেখা যায় না।

২. বৈদ্যুতিক সার্কিট বা ওয়্যারিংয়ের ত্রুটি
সমস্যাটি সবসময় বাল্বের নাও হতে পারে, অনেক সময় আপনার ঘরের ওয়্যারিংয়েও ত্রুটি থাকতে পারে। যদি আপনার বৈদ্যুতিক বোর্ডের সুইচটি ফেজ (Phase) তারের বদলে নিউট্রাল (Neutral) তারে লাগানো থাকে, তবে সুইচ বন্ধ করলেও সার্কিটে বিদ্যুৎ প্রবাহ পুরোপুরি বন্ধ হয় না। এছাড়া আর্থিং সঠিকভাবে করা না থাকলেও সামান্য পরিমাণ বিদ্যুৎ লিকেজ হয়ে বাল্ব পর্যন্ত পৌঁছাতে পারে। এলইডি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই অতি সামান্য বিদ্যুৎ পেলেই মৃদুভাবে জ্বলতে শুরু করে।
৩. ইন্ডিকেটরযুক্ত সুইচ
অনেক সময় আমরা এমন সুইচ ব্যবহার করি যার ভেতরে ছোট একটি ইন্ডিকেটর লাইট থাকে (যাতে অন্ধকারে সুইচটি খুঁজে পাওয়া যায়)। এই ইন্ডিকেটর লাইটটি জ্বলানোর জন্য সার্কিটে সবসময় খুব সামান্য বিদ্যুৎ প্রবাহিত হয়। সেই ক্ষুদ্র বিদ্যুৎ প্রবাহই অনেক সময় এলইডি বাল্বকে হালকাভাবে জ্বালিয়ে রাখতে যথেষ্ট।

এই সমস্যার সমাধান কী?
সুইচ বন্ধ করার পরেও বাল্বের মিটমিট করা বা হালকা জ্বলে থাকা বন্ধ করতে নিচের পদক্ষেপগুলো নিতে পারেন-
বাল্ব পরিবর্তন: প্রথমে বাল্বটি বদলে একটি ভালো মানের বা নামী ব্র্যান্ডের এলইডি বাল্ব লাগিয়ে দেখুন। বেশিরভাগ ক্ষেত্রে এতেই সমস্যার সমাধান হয়ে যায়।
আরও পড়ুন: গরমে লাগামহীন বিদ্যুৎ বিল? খরচ কমানোর ৫টি জাদুকরী উপায় জানুন
ওয়্যারিং পরীক্ষা: যদি বাল্ব বদলানোর পরেও সমস্যা থেকে যায়, তবে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দিয়ে আপনার ঘরের ওয়্যারিং এবং মেইন বোর্ডের আর্থিং পরীক্ষা করিয়ে নিন। নিশ্চিত করুন যে সুইচটি ফেজ তারের সঙ্গেই সংযুক্ত রয়েছে।
সুইচ চেকআপ: ইন্ডিকেটরযুক্ত সুইচের কারণে এমন হলে সুইচটি পরিবর্তন করে সাধারণ সুইচ ব্যবহার করতে পারেন।
এজেড