তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
এখন অনেকের কাছেই একাধিক স্মার্টফোন থাকে। ব্যক্তিগত ও কাজের প্রয়োজনে দুই ফোন ব্যবহার করলেও হোয়াটসঅ্যাপের জন্য আলাদা নম্বর নেওয়ার প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপের লিংকড ডিভাইসেস ফিচারের সাহায্যে একই অ্যাকাউন্ট একাধিক ফোনে ব্যবহার করা যায়। ফলে একই নম্বরের হোয়াটসঅ্যাপ দুই স্মার্টফোনে চালানোর পাশাপাশি ল্যাপটপ বা ট্যাবেও অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব।
কী এই লিংকড ডিভাইসেস ফিচার?
হোয়াটসঅ্যাপের লিংকড ডিভাইসেস ফিচার ব্যবহার করে একটি মূল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে চারটি অতিরিক্ত ডিভাইস যুক্ত করা যায়। একবার ডিভাইস যুক্ত হয়ে গেলে মূল ফোন সবসময় ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও যুক্ত করা ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। তবে সব ডিভাইসেই হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ থাকা ভালো।
দুই ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করবেন কীভাবে?
প্রথমে আপনার মূল ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর ওপরের ডানদিকে থাকা তিনটি ডটে ট্যাপ করে লিংকড ডিভাইসেস অপশনে যান। সেখানে ডিভাইস যুক্ত করুন অপশনে ট্যাপ করলে কিউআর কোড স্ক্যান করার ব্যবস্থা চালু হবে।
এবার দ্বিতীয় ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে অ্যাপটি খুলুন। নম্বর দেওয়ার জায়গায় গিয়ে ওপরের ডানদিকে থাকা তিনটি ডটে ট্যাপ করুন এবং সঙ্গী ডিভাইস হিসেবে যুক্ত করুন অপশনটি বেছে নিন। দ্বিতীয় ফোনে একটি কিউআর কোড দেখা যাবে। এবার মূল ফোনের হোয়াটসঅ্যাপ দিয়ে সেই কিউআর কোড স্ক্যান করুন। কিছুক্ষণের মধ্যেই দুই ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের চ্যাট দেখা যাবে।
ল্যাপটপেও হোয়াটসঅ্যাপ চালানো যাবে
ল্যাপটপে ব্রাউজার খুলে হোয়াটসঅ্যাপ ওয়েব চালু করুন। সেখানে একটি কিউআর কোড দেখা যাবে। এরপর মূল ফোনের হোয়াটসঅ্যাপের লিংকড ডিভাইসেস অপশনে গিয়ে ডিভাইস যুক্ত করুন করে সেই কিউআর কোড স্ক্যান করুন। সফলভাবে যুক্ত হয়ে গেলে ল্যাপটপ থেকেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
কী কী বিষয় মনে রাখবেন?
একসঙ্গে সর্বোচ্চ চারটি অতিরিক্ত ডিভাইস যুক্ত করা যায়। নিরাপত্তার জন্য শুধুমাত্র নিজের বা বিশ্বাসযোগ্য ডিভাইসই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করুন। কোনো পুরোনো ডিভাইস আর ব্যবহার না করলে লিংকড ডিভাইসেস থেকে সেটি সরিয়ে দিন। অ্যান্ড্রয়েড ও আইফোনেও এই ফিচার ব্যবহার করা যায়। তবে হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কিছু ফিচারের সুবিধা ডিভাইসভেদে আলাদা হতে পারে।
এজেড