বিজ্ঞান ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
বাসাবাড়িতে ব্যবহৃত অধিকাংশ রেফ্রিজারেটর বা ফ্রিজের দিকে তাকালে একটি সাধারণ বৈশিষ্ট্য চোখে পড়ে—এর ফ্রিজার বা ‘ডিপ’ অংশটি থাকে উপরের দিকে। আধুনিক সময়ে ‘বটম মাউন্ট’ (নিচে ডিপ) ফ্রিজের প্রচলন বাড়লেও এখনো বাজারের সিংহভাগ দখল করে আছে ওপরের দিকে ডিপ থাকা ফ্রিজগুলো। কিন্তু ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানের দৃষ্টিতে কেন এই নকশা বেছে নেওয়া হয়েছে? এর পেছনে রয়েছে পদার্থবিজ্ঞানের সহজ কিছু নিয়ম এবং বিদ্যুৎ সাশ্রয়ের কৌশল।
১. পরিচলন স্রোত ও তাপগতিবিদ্যা
ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাস চলাচলের প্রক্রিয়াটি মূলত তাপগতিবিদ্যার ওপর নির্ভরশীল। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, ঠান্ডা বাতাস গরম বাতাসের চেয়ে ভারী। ফলে ঠান্ডা বাতাস স্বাভাবিকভাবেই নিচের দিকে নেমে আসে এবং গরম বাতাস হালকা হওয়ায় উপরের দিকে উঠে যায়।
আরও পড়ুন: আপনার ফ্রিজ কি দেওয়ালের সঙ্গে ঠেকানো? এই ভুলে ঘটতে পারে বিস্ফোরণ
যখন ফ্রিজারটি উপরে থাকে, তখন সেখান থেকে উৎপন্ন অতিশয় শীতল বাতাস কোনো পাম্প বা অতিরিক্ত শক্তি ছাড়াই প্রাকৃতিক নিয়মে নিচের দিকে নামতে থাকে। এই প্রক্রিয়াটি পুরো ফ্রিজকে সমানভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে। একে বলা হয় প্রাকৃতিক পরিচলন (Natural Convection)।

২. অভিকর্ষজ বলের ব্যবহার
ওপরের দিকে ফ্রিজার থাকলে শীতল বাতাসকে নিচে নামানোর জন্য অভিকর্ষজ বল (Gravity) কাজ করে। এতে করে ফ্রিজের ভেতর বাতাস চলাচলের জন্য খুব বেশি শক্তিশালী ফ্যানের প্রয়োজন হয় না। ফলে ফ্রিজের কম্প্রেসরের ওপর চাপ কম পড়ে এবং যন্ত্রাংশ দীর্ঘস্থায়ী হয়।
৩. বিদ্যুৎ সাশ্রয়
উপরের দিকে ডিপ থাকা ফ্রিজগুলো সাধারণত নিচের দিকে ডিপ থাকা ফ্রিজের তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয়। কারণ, নিচের দিকে ডিপ থাকলে শীতল বাতাসকে ওপরের অংশে পাঠানোর জন্য অতিরিক্ত শক্তি ব্যয় করে ফ্যান চালাতে হয়। এছাড়া, ফ্রিজের কয়েল বা হিট এক্সচেঞ্জারগুলো সাধারণত পেছনে বা নিচের দিকে থাকে। ফ্রিজার উপরে থাকলে কম্প্রেসরের উৎপন্ন তাপ থেকে এটি দূরে থাকে, যা কুলিং প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে।

৪. উৎপাদন খরচ ও সহজলভ্যতা
প্রযুক্তিগতভাবে ‘টপ মাউন্ট’ বা ওপরের দিকে ডিপ থাকা ফ্রিজের মেকানিজম অনেক সহজ। এর পাইপলাইন এবং ইনসুলেশন তৈরি করা সাশ্রয়ী। দীর্ঘ কয়েক দশক ধরে এই নকশা চলে আসায় উৎপাদনকারীরা কম খরচে এটি তৈরি করতে পারেন, যার ফলে গ্রাহকরাও সাশ্রয়ী মূল্যে এই ফ্রিজগুলো কিনতে পারেন।
৫. ব্যবহারের সুবিধা
সাধারণত ডিপ ফ্রিজে মাছ-মাংস বা দীর্ঘমেয়াদী খাবার রাখা হয়, যা দিনে খুব বেশিবার খোলার প্রয়োজন পড়ে না। অন্যদিকে নিচের অংশে থাকে শাকসবজি বা নিত্যপ্রয়োজনীয় খাবার। যদিও নিচু হয়ে সবজি বের করা কিছুটা কষ্টসাধ্য, কিন্তু দীর্ঘস্থায়ী শীতলতা এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করলে ওপরের ডিপই বেশি কার্যকর বলে প্রমাণিত।
এজেড