images

ইসলাম

স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে?

ধর্ম ডেস্ক

৩০ মার্চ ২০২২, ০১:৫৬ পিএম

রমজান মাসের ফরজ রোজা নিয়ে মুমিন মাত্রই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকেন। সতর্কতার অংশ হিসেবে রোজা অবস্থায় অনেকেরই মনে নানা প্রশ্ন উঁকি দেয়। এমনই একটি প্রশ্ন হলো- রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে?

এর উত্তর হচ্ছে—স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হয় না। ইসলামের একটি সৌন্দর্য হলো- অনিচ্ছাকৃত বা ভুলবশত কোনো বিষয়ে দোষারোপ করা হয় না। তাই এই ধারণা ঠিক নয় যে, স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে। 

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে নবী কারিম (স.) বলেন, ‘তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়— বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।’ (বায়হাকি: ৪/২৬৪; আদ্দুররুল মুখতার: ২/৩৯৬; মুসনাদে বাজ্জার: ৫২৮৭; নাসবুর রায়াহ: ২/৪৪৭; মাজমাউয যাওয়ায়েদ: ৩/১৭০; জামে তিরমিজি: ৭১৯)

তবে, গোসল ফরজ হবে। এ বিধান নারীদের জন্যও প্রযোজ্য। কারণ, নারীদেরও স্বপ্নদোষ হয়।

উম্মে সালামা (রা.) বলেন, আবু তালহা (রা.)-এর স্ত্রী উম্মে সুলাইম (রা.) আল্লাহর রাসুল (স.)-এর নিকট এসে আরজ করলেন, ‘হে আল্লাহর রাসুল! আল্লাহ তাআলা সত্যের বিষয়ে নিঃসঙ্কোচ। (তো আমার জিজ্ঞাসা এই যে,) কোনো নারীর স্বপ্নদোষ হলে কি তার উপর গোসল ফরজ হয়?’

উত্তরে আল্লাহর রাসুল (স.) বললেন, ‘হ্যাঁ। যদি সে পানি (ভেজা) দেখতে পায়।’ (সহিহ বুখারি: ১/৪২)

এ হাদিস থেকে বোঝা যায়, ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্নদোষ হয় এবং এক্ষেত্রে ছেলে-মেয়ে উভয়ের গোসল ফরজ হয়।

উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায় যে, স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। (ফতওয়ায়ে শামি, খণ্ড-০২, পৃষ্ঠা-৩৬৬)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের রোজা পালনের সময় ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত, জানা-অজানা, প্রকাশ্য-গোপন যাবতীয় ভুল-ভ্রান্তি ক্ষমা করুন। আমিন।