images

ইসলাম

সুন্নতে মুয়াক্কাদা নামাজের গুরুত্ব ও ফজিলত

ধর্ম ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৩ পিএম

ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। মুসলমানদের প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা ফরজ। এই পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে রয়েছে আরও কিছু সুন্নত ও নফল নামাজ। এর মধ্যে রয়েছে সুন্নতে মুয়াক্কাদা। এই নামাজ রাসুলুল্লাহ (স.) নিয়মিত পড়তেন। ওজরবিহীন কখনো ছাড়তেন না।

সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিবের মতোই। অর্থাৎ ওয়াজিবের ব্যাপারে যেমন জবাবদিহি করতে হবে, তেমনি সুন্নতে মুয়াক্কাদার ক্ষেত্রে জবাবদিহি করতে হবে। তবে ওয়াজিব ছেড়ে দেওয়ার জন্য সুনিশ্চিত শাস্তি পেতে হবে, আর সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিলে কখনো মাফ পেয়েও যেতে পারে। তবে শাস্তিও হতে পারে। 

ফিকাহের কিতাবে এসেছে, ওজরবিহীন এমন সুন্নত ত্যাগকারীকে তিরস্কার করা হবে, তবে তাকে ফাসেক বা কাফের বলা যাবে না। (আত-তাআরিফাতুল ফিকহিয়্যাহ: ৩২৮, আল-মুজিজ ফি উসুলিল ফিকহ: ৪৩৯-৪০)

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরে প্রায় ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ রয়েছে। এসব সুন্নতে মুয়াক্কাদার অত্যধিক গুরুত্ব দেওয়া উচিত। হাদিসে এ নামাজগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। উম্মে হাবিবা (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন ১২ রাকাত সুন্নত নামাজ পড়বে, এর প্রতিদান হিসেবে জান্নাতে তার জন্য একটি ঘর বানানো হবে।’ (সহিহ মুসলিম: ৭২৮)

এই ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা হলো— জোহরের আগে চার রাকাত। পরে দুই রাকাত। মাগরিবের পরে দুই রাকাত। এশার পরে দুই রাকাত। ফজরের আগে দুই রাকাত।’ (সূত্র: তিরমিজি: ৬৩৬২)

সুন্নত নামাজ খুবই গুরুত্ব দিয়ে আমল করতেন পূর্ববর্তীরা। কারণ হাদিসের বর্ণনামতে, শুধু নিয়মিত জোহরের সুন্নত আদায়কারীর জন্যও জাহান্নাম হারাম হয়ে যায়। আমবাসা বিন আবু সুফিয়ান (রহ.) বলেন, আমি আমার বোন উম্মে হাবিবা (রা.)-কে (উম্মুল মুমিনিন) বলতে শুনেছি, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত এবং পরে চার রাকাত (সুন্নত) পড়বে আল্লাহ তাআলা তার দেহ জাহান্নামের জন্য হারাম করে দেবেন। হাদিসটি বলার পর আমবাসা বিন আবু সুফিয়ান (রহ) বলেন, উম্মে হাবিবা (রা.)-এর কাছে এটি শোনার পর থেকে এ নামাজগুলো আমি কখনও ছাড়িনি। (মুসনাদে আহমদ: ২৬৭৬৪ (হাদিসটি সহিহ); সুনানে নাসায়ি: ১৮১২)

আল্লাহ তাআলা আমাদেরকেও সুন্নতে মুয়াক্কাদাসহ সকল সুন্নত নামাজ নিয়মিত আদায় করার তাওফিক দান করুন। আমিন।