Dhaka Mail Logo

ইসলাম / আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় মুসলিম হত্যাকাণ্ড: ৩৬ বছর পর গণকবরে মিলল কঙ্কাল

ঢাকা মেইল ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুদির বাসিন্দা ফৌজুল হিনায়া ৩৬ বছর আগে দুই ভাইকে হারিয়েছেন। গৃহযুদ্ধের সময় এক ভাইকে হত্যা করা হয়, অন্য ভাই অপহরণের পর নিখোঁজ হন। ৬০ বছর বয়সী হিনায়া এখন আর বিচার পাওয়ার আশা করেন না। তার একটাই চাওয়া, নিখোঁজ ভাইয়ের সন্ধান পাওয়া এবং দুই ভাইকে ইসলামি রীতি অনুযায়ী দাফন করা।

নিজের বাড়িতে বসে হিনায়া বলেন, ‘আমি তাদের মর্যাদার সঙ্গে দাফন করতে চাই।’

তার এই আশার পেছনে রয়েছে সম্প্রতি পাওয়া এক নতুন সূত্র। আদালতের নির্দেশে গঠিত একটি প্রত্নতাত্ত্বিক দল কুরুক্কালমাদামের একটি গণকবরে কাটা দাগযুক্ত কঙ্কালের সন্ধান পেয়েছে। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষে আদালতে লড়ছেন আইনজীবী মুয়াজ্জাম মুবারক। তবে কঙ্কালগুলোর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক জাকি ফৌজ বলেন, ‘এখন সবচেয়ে জরুরি হলো কঙ্কালগুলোর পরিচয় শনাক্ত করা, কী ঘটেছিল তা খুঁজে বের করা এবং পরিবারগুলোকে নিয়মিত জানানো।’ হিনায়ার মতো অনেক পরিবারই এখন সেই খবরের অপেক্ষায় রয়েছে।

গৃহযুদ্ধ ও এক অবহেলিত অধ্যায়

স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লড়াই করা তামিল বিদ্রোহী সংগঠন এলটিটিই ও শ্রীলঙ্কার সরকারি বাহিনীর মধ্যে ১৯৮৩ সালে গৃহযুদ্ধ শুরু হয়। ২০০৯ সালে বিদ্রোহীদের পরাজয়ের মধ্য দিয়ে এর অবসান ঘটে। দীর্ঘ এই যুদ্ধে কয়েক দশ হাজার মানুষ নিহত হন, যাদের বেশির ভাগই ছিলেন বেসামরিক নাগরিক। তামিল জনগোষ্ঠীর ওপর যুদ্ধাপরাধের অভিযোগও বহুদিন ধরে শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে রয়েছে।

অন্যদিকে, শ্রীলঙ্কা সরকার ও সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীর অনেকে এলটিটিইর বোমা হামলা ও গুপ্তহত্যার কথা তুলে ধরেন। লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) ১৯৯৩ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসাকে হত্যা করে। এর আগে ১৯৯১ সালে তারা হত্যা করে সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে। তামিল বিদ্রোহ দমনে তিনি শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠিয়েছিলেন।

তবে এলটিটিইর সহিংসতার শিকার হয়েছিলেন শ্রীলঙ্কার মুসলমানেরাও। ১৯৯০-এর দশকের শুরুতে পূর্বাঞ্চলের কুরুক্কালমাদাম, কাত্তানকুদি ও এরাভুরে মুসলমানদের লক্ষ্য করে ধারাবাহিক হত্যাকাণ্ড চালায় সংগঠনটি। অনেককে অপহরণের পর আর কখনো ফিরে আসতে দেখা যায়নি। শত শত মানুষের মরদেহের সন্ধান আজও মেলেনি।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা: আইসিজের সব নির্দেশ মানবে না মিয়ানমার

এক ভাই নিহত, অন্যজন নিখোঁজ

ছয় ভাইবোনের মধ্যে হিনায়ার দুই ছোট ভাই ফৌজুল আমির ও আবদুর রউফ সংসার চালাতে বাবা হায়াত মোহাম্মদকে সাহায্য করতেন। তাদের বাবা কাঠুরের কাজ করতেন। তবে তার আয় ছিল অনিয়মিত।

আমির তৈরি পোশাক বিক্রি করতে প্রায়ই যেতেন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আক্কারাইপাত্তুতে। শহরটি কাত্তানকুদি থেকে ৫৮ কিলোমিটার দূরে। ১৯৯০ সালের জুলাইয়ের এক সকালে সেখানে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হন তিনি। ‘ভাবিনি, এটাই তার শেষ যাত্রা হবে,’ বলেন হিনায়া।

ফেরার পথে কুরুক্কালমাদামের কাছে আমিরকে থামায় এলটিটিই। তার সঙ্গে আরও কয়েক ডজন মানুষকে গুলি করে হত্যা করা হয়। বিভিন্ন হিসাবে নিহতের সংখ্যা ৬০ থেকে প্রায় ১৫০ জন।

শ্রীলঙ্কার মুসলমানদের জন্য এই হত্যাকাণ্ড ছিল একটি বড় মোড়। দেশটির জনসংখ্যার ৭৫ শতাংশ সিংহলি, ১৫ শতাংশ তামিল এবং ১০ শতাংশ মুসলমান। এর আগে যুদ্ধের তহবিল জোগাতে এলটিটিই প্রায়ই মুক্তিপণের জন্য মুসলমানদের অপহরণ করত। সে সময় সংগঠনটি দেশের প্রায় এক-চতুর্থাংশ এলাকা নিয়ন্ত্রণ করত। কুরুক্কালমাদামের হত্যাকাণ্ডের পর মুসলমানদের ওপর সহিংসতা আরও ভয়াবহ রূপ নেয়। এর এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে কাত্তানকুদি ও এরাভুরের দুটি মসজিদে অন্তত ৩০০ মুসলমানকে হত্যা করে এলটিটিই।

ভাই আমিরের মৃত্যুসনদ হাতে ফৌজুল হিনায়া। এতে এলটিটিইর হাতে তার নিহত হওয়ার কথা উল্লেখ রয়েছে। ছবি: আল জাজিরা
ভাই আমিরের মৃত্যুসনদ হাতে ফৌজুল হিনায়া। এতে এলটিটিইর হাতে তার নিহত হওয়ার কথা উল্লেখ রয়েছে। ছবি: আল জাজিরা

 

আমির নিহত হওয়ার সময় তার আরেক ভাই আবদুর রউফ দেশের উত্তরাঞ্চলের একটি দোকানে কাজ করতেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শোকাহত পরিবারের পাশে থাকতে বাড়ি ফেরেন। কয়েক দিন পর ঠেলাগাড়ি নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাট্টিকালোয়া শহরে যাওয়ার পথে এলটিটিই তাকে অপহরণ করে। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। ধারণা করা হয়, তিনিও মারা গেছেন।

২০১৬ সালে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে শ্রীলঙ্কা ‘অফিস অন মিসিং পারসনস’ নামে একটি স্বাধীন সংস্থা গঠন করে। গৃহযুদ্ধের সময় নিখোঁজ স্বজনদের খোঁজে আবেদন করা শত শত মানুষের মধ্যে হিনায়াও ছিলেন। এখন তার মনে প্রশ্ন, গণকবর খুঁড়ে কি কোনো সূত্র মিলবে? আর এরপর কী হবে?

জাকি ফৌজ বলেন, ‘যেখানে ফৌজদারি অভিযোগ আনার মতো প্রমাণ পাওয়া যাবে, সেখানে কর্তৃপক্ষের উচিত মামলা করা।’

দুই দিনের নোটিশে উচ্ছেদ

এই হত্যাকাণ্ডে এলটিটিই শুধু মানুষের প্রাণই কেড়ে নেয়নি, তামিল ও মুসলমানদের মধ্যকার দীর্ঘদিনের সম্প্রীতিতেও ফাটল ধরিয়েছিল।

১৯৮৭ সালে ভারতের সঙ্গে চুক্তির পর শ্রীলঙ্কায় ভারতীয় সেনা মোতায়েন করা হয়। আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব ছিল শ্রীলঙ্কা সরকার ও এলটিটিইর মধ্যে হওয়া শান্তিচুক্তি বাস্তবায়নে সহায়তা করা। সে সময় উত্তরাঞ্চলীয় প্রদেশের মুল্লাইতিভুর বেশ কয়েকটি তামিল ও মুসলিম গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ছাড়তে হয়। সেখানে ভারতীয় সেনাদের শিবির স্থাপন করা হয়েছিল।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

‘এটাই ছিল আমাদের প্রথম উচ্ছেদ,’ বলেন ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি। তখন তিনিও পরিবারের সঙ্গে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন। ১৯৯০ সালের শুরুর দিকে ভারতীয় সেনারা চলে গেলে তারা নিজ গ্রামে ফিরে আসেন। ‘তামিল ও মুসলমানরা একই পরিবারের মতো মিলেমিশে থাকতাম,’ বলেন তিনি।

কিন্তু ১৯৯০ সালের অক্টোবরে সেই সম্প্রীতির অবসান ঘটে। রিজনি বলেন, ‘এলটিটিই উত্তরাঞ্চলীয় প্রদেশের সব মুসলমানকে দুই দিনের মধ্যে প্রদেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।’

এ নির্দেশে হতবাক হয়ে যান রিজনি। তিনি বলেন, ‘আমরা তামিলদের জন্য কখনো হুমকি ছিলাম না। প্রদেশে আমরা ছিলাম মাত্র ৫ শতাংশ, আর তামিলরা ৯০ শতাংশের বেশি।’

ওই মাসে উত্তরাঞ্চলীয় প্রদেশের প্রায় পুরো মুসলিম জনগোষ্ঠীকে জোর করে উচ্ছেদ করা হয়। আনুমানিক ৭৫ হাজার থেকে এক লাখ মানুষকে পরনের কাপড় ছাড়া আর কিছুই সঙ্গে নিতে দেওয়া হয়নি। উদ্বাস্তু হয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। কয়েক দশক পরও রিজনির মনে আছে, সেদিন তাদের পরিবার কী হারিয়েছিল। ৯৯টি মহিষ, ৪২টি গরু, চার একরের নারকেলবাগান, আট একরের ধানখেত, একটি বাড়ি ও একটি মুদি দোকান।

বিচার ও পুনর্বাসনের প্রতীক্ষা

জাকি ফৌজের মতে, মুসলমানদের ওপর এলটিটিইর হামলা তামিল স্বদেশ প্রতিষ্ঠার ধারণার মধ্যে থাকা বর্জনমূলক মনোভাবের প্রকাশ। তিনি বলেন, ‘এলটিটিই উত্তর ও পূর্বাঞ্চলকে তামিল স্বদেশ বলে দাবি করেছিল। অথচ এই দুই প্রদেশে মুসলমানদেরও দীর্ঘদিনের বসবাস ছিল। তাদের নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা ও ভূমির ওপর অধিকারের দাবি ছিল।’

শ্রীলঙ্কার গৃহযুদ্ধে নিহত স্বজনদের স্মরণ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়া এক তামিল নারী। ছবি: এপি
শ্রীলঙ্কার গৃহযুদ্ধে নিহত স্বজনদের স্মরণ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়া এক তামিল নারী। ছবি: এপি

 

তার মতে, সিংহলি সংখ্যাগরিষ্ঠবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও এলটিটিই মুসলমানদের ক্ষেত্রে একই ধরনের বর্জনমূলক নীতি অনুসরণ করেছে।

২০০৯ সালে শ্রীলঙ্কার সেনাবাহিনী এলটিটিইকে পরাজিত করলে তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে। জাতিসংঘের হিসাবে, যুদ্ধের শেষ পর্যায়ে উত্তরাঞ্চলীয় প্রদেশে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হন। যুদ্ধের পর অনেক মুসলিম শরণার্থী নিজেদের গ্রামে ফিরে গেলেও জাকি ফৌজ ও উচ্ছেদের শিকার মোহাম্মদ রিজনির মতে, তাদের জন্য এখনো পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি।

ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ১৯৯০ সালের হত্যাকাণ্ড ও মুসলমানদের জোরপূর্বক উচ্ছেদকে মানবতাবিরোধী গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবিই নিরপরাধ মানুষকে হত্যা কিংবা পরিবারগুলোকে বাড়িঘর থেকে উচ্ছেদের পক্ষে যুক্তি হতে পারে না।’

ফারুক আশা করেন, কর্তৃপক্ষ যথাযথ ও স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করবে এবং নিহতদের পরিচয় শনাক্ত করবে। তিনি বলেন, ‘ঘরছাড়া উত্তরাঞ্চলীয় মুসলিম পরিবারগুলোর দুর্ভোগ আমরা পুরোপুরি বুঝি। তাদের নিজ এলাকায় ফিরতে সাহায্য করাই শুধু আমাদের দায়িত্ব নয়, মর্যাদার সঙ্গে নতুন করে জীবন গড়ার সুযোগ করে দেওয়াও আমাদের দায়িত্ব।’

এত কিছুর পরও রিজনি আশা ছাড়েননি। তিনি চান, মুসলমান ও তামিলদের মধ্যকার আগের সৌহার্দ্য ফিরে আসুক। তিনি বলেন, ‘তামিল ও মুসলমানদের সম্পর্ক সব সময় ভালো থাকবে। মুসলমানরা উচ্ছেদের কথা ভুলবে না।’ তবে এলটিটিইর অপরাধের জন্য সাধারণ তামিলদের দায়ী করেন না তিনি।

জাকি ফৌজের মতে, কুরুক্কালমাদামের গণকবর খননের মধ্য দিয়ে নিখোঁজ ব্যক্তিদের পরিণতি জানার একটি সুযোগ তৈরি হয়েছে। তবে পরিবারগুলো শেষ পর্যন্ত তাদের স্বজনদের সম্পর্কে উত্তর পাবে কি না, তা নির্ভর করছে কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর।

সূত্র: আলজাজিরা