ধর্ম ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। শিগগিরই এসব মাহফিল শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান আজহারী। মাহফিলগুলো সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
মাহফিলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে আজহারী বলেন, সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান না করে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী তুলে ধরতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে: আজহারী
মাহফিলের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, কোরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই এসব আয়োজনের প্রকৃত সার্থকতা আসবে। এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কোরআনের বার্তা মানুষের সঠিক জীবনদর্শন শেখায় এবং চূড়ান্ত সফলতার পথ দেখায় উল্লেখ করে আজহারী লিখেছেন, ‘কোরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন।’
পোস্টের শেষ দিকে শিগগিরই শ্রোতাদের নিজ নিজ শহরে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে মাহফিলগুলোর তারিখ ও স্থান সম্পর্কে বিস্তারিত জানাননি।