ধর্ম ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
অনেক দিন ধরে একটি বিষয়ে দোয়া করছেন। নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে চাইছেন, রাতের নীরবতায় মনের কথাগুলো জানাচ্ছেন। তবু কাঙ্ক্ষিত ফল আসছে না। একসময় মনে প্রশ্ন জাগে, দোয়া কি কবুল হচ্ছে না?
দীর্ঘ অপেক্ষা মানুষকে হতাশ করতে পারে। কিন্তু ইসলামের শিক্ষা হলো, দোয়া করার পর তাড়াহুড়া করা যাবে না এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ দোয়ার প্রতিদান সব সময় মানুষের প্রত্যাশিত রূপে আসে না।
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, কোনো মুসলিম এমন দোয়া করলে, যাতে গুনাহের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, আল্লাহ তাকে তিনটির একটি দান করেন। হয় তার দোয়ার ফল দুনিয়ায় দ্রুত দান করেন, অথবা তা আখেরাতের জন্য জমা রাখেন, কিংবা সমপরিমাণ কোনো অকল্যাণ তার কাছ থেকে দূরে সরিয়ে দেন। (মুসনাদে আহমদ: ১১১৩৩)
আমরা সাধারণত দোয়ার উত্তর বলতে নিজের চাওয়া পূরণ হওয়াকেই বুঝি। অথচ দোয়ার প্রতিদান এমনভাবেও আসতে পারে, যা আমাদের চোখে পড়ে না। কোন বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন কিংবা আখেরাতের জন্য কী প্রতিদান জমা রেখেছেন, তা আমাদের জানা নেই। তাই প্রত্যাশিত ফল না পেলেও দোয়া বৃথা গেছে মনে করা ঠিক নয়।
আরও পড়ুন: দোয়া কবুলের আগে কি কোনো লক্ষণ দেখা যায়?
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকোর দোয়া কবুল হয়ে থাকে। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না।’ (সহিহ বুখারি: ৬৩৪০; সহিহ মুসলিম: ২৭৩৫)
দোয়ার প্রতিদান কখন এবং কীভাবে আসবে, তা আমাদের জানা নেই। তাই অপেক্ষার সময়েও আল্লাহর কাছে চাওয়া অব্যাহত রাখতে হবে। দোয়া কবুলে বিলম্ব হচ্ছে মনে করে দোয়া বন্ধ করা যাবে না।
দোয়া কবুলের ক্ষেত্রে হালাল উপার্জন ও পবিত্র খাবারের গুরুত্ব রয়েছে। রাসুলুল্লাহ (স.) এমন এক ব্যক্তির কথা বলেছেন, যিনি দীর্ঘ সফরে ক্লান্ত ও ধুলিমলিন অবস্থায় দুই হাত তুলে ‘হে আমার রব! হে আমার রব!’ বলে দোয়া করেন। অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং তিনি হারাম দ্বারা প্রতিপালিত। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘তার দোয়া কীভাবে কবুল হবে?’ (সহিহ মুসলিম: ১০১৫)
এ হাদিস থেকে বোঝা যায়, দোয়া কবুলের জন্য হালাল উপার্জন ও হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে সচেতন থাকা জরুরি। কারও জীবনে গুনাহ থাকলে হতাশ না হয়ে তাওবা করতে হবে এবং নিজের জীবন সংশোধনের চেষ্টা চালিয়ে যেতে হবে।
আরও পড়ুন: দোয়া কবুলের আশা ও বিশ্বাস রাখবেন যেভাবে
দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং রাসুলুল্লাহ (স.)-এর ওপর দরুদ পাঠ করা উত্তম। বিনয় ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয়-বিনয় করে ও চুপিসারে। নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ: ৫৫)
দোয়ার ক্ষেত্রে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো বিষয় চাওয়া যাবে না। নিজের ভুলের জন্য তাওবা-ইস্তেগফার করতে হবে এবং অন্যের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকতে হবে।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দোয়াই ইবাদত।’ (সুনান আবু দাউদ: ১৪৭৯)
আল্লাহর কাছে হাত তুলে চাওয়ার মধ্য দিয়ে বান্দা নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং তাঁর রহমতের ওপর ভরসা রাখে। তাই কাঙ্ক্ষিত ফল পেতে দেরি হলেও দোয়ার গুরুত্ব কমে যায় না।
আল্লাহ তাআলা আরও বলেন, ‘আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন (বলে দিন) আমি তো কাছেই আছি। প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনায় সাড়া দিই।’ (সুরা বাকারা: ১৮৬)
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
অসুস্থ হলে দোয়ার পাশাপাশি চিকিৎসা নিতে হবে। জীবিকার সংকট দেখা দিলে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। কোনো প্রয়োজন পূরণের জন্য যথাসাধ্য উদ্যোগ নিতে হবে। দোয়া মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। সাধ্য অনুযায়ী চেষ্টা করে ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই মুমিনের করণীয়।
তাই দোয়া কবুল হচ্ছে না মনে হলে হতাশ হবেন না। আল্লাহর কাছে চাওয়া অব্যাহত রাখুন, নিজের ভুল সংশোধন করুন এবং হালাল পথে চেষ্টা চালিয়ে যান। ইসলামের শিক্ষা অনুযায়ী, দোয়া মুমিনের জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রত্যাশিত ফল পেতে দেরি হলেও দোয়া বন্ধ করবেন না।
আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন।
তথ্যসূত্র: সুরা গাফির: ৬০; বাকারা: ১৮৬; আরাফ: ৫৫; সহিহ বুখারি: ৬৩৪০; সহিহ মুসলিম: ২৭৩৫, ১০১৫; সুনান আবু দাউদ: ১৪৭৯; মুসনাদে আহমদ: ১১১৩৩