আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই এক কাজ থেকে আরেক কাজে ছুটে চলি। কিন্তু এই ছুটে চলার মধ্যে কতটা ভারসাম্য থাকে? কোন দায়িত্বটি আগে পালন করা জরুরি, কোন কাজকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত—জীবন পরিচালনার এই গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আদ-দাওসারি।
শুক্রবার (২০ নভেম্বর) পবিত্র মক্কার মসজিদে হারামে জুমার খুতবায় তিনি ভারসাম্যপূর্ণ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। হিজরি ১৪৪৮ সালের ১০ জমাদিউস সানিতে দেওয়া খুতবায় তিনি বলেন, মহান আল্লাহ সমগ্র সৃষ্টিজগৎকে এক অনন্য ভারসাম্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন। ইসলামের শিক্ষাও মধ্যপন্থা, সংযম ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত। তাই একজন মুমিনের জীবনেও প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও ন্যায্যতা বজায় রাখা জরুরি।
খুতবায় শায়খ ইয়াসির আদ-দাওসারি বলেন, ভারসাম্য মানে জীবনের প্রতিটি কাজের জন্য সমান সময় বরাদ্দ করা নয়; বরং কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ, কোন দায়িত্বটি আগে পালন করা প্রয়োজন এবং কোন বিষয়কে কতটুকু অগ্রাধিকার দিতে হবে, তা সঠিকভাবে বুঝতে পারাই প্রকৃত ভারসাম্য। কারণ জীবনের সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। তাই দায়িত্ব ও প্রয়োজনের পার্থক্য বুঝে সময়, শ্রম ও মনোযোগ ব্যয় করতে হবে।
এ প্রসঙ্গে তিনি সাহাবি সালমান ফারসি (রা.)-এর একটি গুরুত্বপূর্ণ উপদেশ স্মরণ করিয়ে দেন। তিনি আবু দারদা (রা.)-কে বলেছিলেন, ‘তোমার ওপর তোমার রবের অধিকার রয়েছে, তোমার নিজের শরীরের অধিকার রয়েছে এবং তোমার পরিবারেরও অধিকার রয়েছে। সুতরাং প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার দাও।’ পরে বিষয়টি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে উত্থাপন করা হলে তিনি সালমান ফারসি (রা.)-এর বক্তব্যের যথার্থতা স্বীকার করেন।

খতিব বলেন, এ হাদিসে মানুষের জীবনের বিভিন্ন দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষার সুস্পষ্ট শিক্ষা রয়েছে। আল্লাহর ইবাদত যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং পরিবারের সদস্যদের অধিকার আদায় করাও দায়িত্বের অন্তর্ভুক্ত। একটি দায়িত্ব পালনে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে অন্য দায়িত্বগুলো অবহেলা করা উচিত নয়। বরং প্রত্যেকের প্রাপ্য বুঝে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
ভারসাম্যপূর্ণ জীবনকে উত্তাল সমুদ্রে চলমান জাহাজের সঙ্গে তুলনা করে শায়খ ইয়াসির আদ-দাওসারি বলেন, সমুদ্রের ঢেউ কিংবা ঝড়ের কারণে জাহাজ যেমন থেমে থাকে না, তেমনি জীবনের নানা বাধা-বিপত্তি ও ব্যস্ততার মধ্যেও একজন মুমিনকে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে হবে। প্রতিকূলতায় দিশেহারা না হয়ে ধৈর্য, বিচক্ষণতা ও সঠিক অগ্রাধিকারের ভিত্তিতে পথ চলাই ভারসাম্যপূর্ণ জীবনের পরিচয়।
খুতবায় ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিক দায়িত্ব ও পারস্পরিক সম্পর্কের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। কোনো সংবাদ বা তথ্য অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানান। যাচাই-বাছাই ছাড়া কোনো খবর প্রচার করলে ভুল তথ্য, বিভ্রান্তি ও সামাজিক বিরোধ ছড়িয়ে পড়তে পারে। তাই সংবাদ গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে সত্যতা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব।
এ ছাড়া মুসলমানদের পারস্পরিক ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান মসজিদে হারামের এই খতিব। মতপার্থক্য ও নানা পরিস্থিতির মধ্যেও পরস্পরের প্রতি দায়িত্বশীল আচরণ এবং ঐক্য অটুট রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
খুতবায় শায়খ ইয়াসির আদ-দাওসারি মূলত জীবনের বিভিন্ন অধিকারের মধ্যে সমন্বয় সাধনের শিক্ষা তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, ভারসাম্যপূর্ণ জীবন মানে ব্যস্ততা থেকে দূরে থাকা কিংবা সব কাজের জন্য সমান সময় বরাদ্দ করা নয়; বরং আল্লাহর হক, নিজের অধিকার, পরিবারের প্রতি দায়িত্ব ও সমাজের কর্তব্য—সবকিছুকে যথাযথ গুরুত্ব দিয়ে সঠিক অগ্রাধিকারের ভিত্তিতে জীবন পরিচালনা করা। সূত্র: দ্য গেট টু হারামাইন
জেবি