ধর্ম ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে তার সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি সরকার। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি বলেন, বাংলাদেশ সরকার মুফতি তাকি উসমানির সফরের জন্য প্রয়োজনীয় এনওসি দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সারা দেশে কঠিন পরিস্থিতি ও অরাজকতা বিরাজ করছে। এ অবস্থায় তাকে এখন বাংলাদেশে না এনে পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুদিন পর সফরের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছেন বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি
মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, ‘বিষয়টি মেনে নেওয়া আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। তারপরও সফরটি যথাসময়ে আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আজকের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে-এমন আশাও ছিল। তবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো একটি ভয়েস বার্তার মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয়। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় যেহেতু বর্তমান পরিস্থিতিতে সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে, তাই শেষ পর্যন্ত সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’
মুফতি তাকি উসমানির বয়স ও শারীরিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুফতি তাকি উসমানি ভয়েস বার্তার মাধ্যমে তাকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন। সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে বাংলাদেশে আনার কথা জানানো হয়েছে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনের সফরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নয়টি ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুফতি তাকি উসমানির। এসব আয়োজনের মধ্যে ছিল আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দি সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহি সম্মেলন ও দরসে বুখারি।