ধর্ম ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
দোয়া মর্যাদাপূর্ণ ইবাদত। তবে দোয়া করার সময় শুধু মুখে চাইলেই হয় না, অন্তরে থাকতে হয় আল্লাহর প্রতি গভীর আস্থা, তাঁর রহমতের আশা এবং নিজের অসহায়ত্বের অনুভূতি। দোয়া করার সময় ভয় ও আশা দুটিই রাখতে বলেছেন আল্লাহ তাআলা।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা বিনীতভাবে ও চুপিসারে নিজেদের প্রতিপালককে ডাক। নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর জমিনে শান্তি স্থাপনের পর তাতে অশান্তি বিস্তার করো না এবং ভয় ও আশা নিয়ে তাঁর ইবাদত করো। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী।’ (সুরা আরাফ: ৫৫-৫৬)
এ আয়াত থেকে বোঝা যায়, দোয়ার সময় অন্তরে আল্লাহর ভয় ও তাঁর রহমত লাভের আশা থাকতে হবে। নিজের গুনাহ ও ত্রুটির কথা স্মরণ করে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সবকিছু শোনেন এবং তাঁর রহমত থেকে বান্দা কখনো বঞ্চিত নয়।
দোয়ার অন্যতম আদব হলো বিনয় ও নম্রতা প্রকাশ করা। বান্দা যে আল্লাহর মুখাপেক্ষী এবং তিনি ছাড়া তার কোনো আশ্রয় নেই, সেই অনুভূতি নিয়ে প্রার্থনা করতে হবে। শুধু মুখে দোয়ার বাক্য উচ্চারণ নয়, অন্তরেও আল্লাহর প্রতি মনোযোগ থাকতে হবে।
আল্লাহ তাআলা নবীজি (স.)-কে উদ্দেশ করে বলেন, ‘আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন (তাদের বলুন) আমি তো কাছেই। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথ পেতে পারে।’ (সুরা বাকারা: ১৮৬)
আরও পড়ুন: দোয়া কবুলের আগে কি কোনো লক্ষণ দেখা যায়?
এ আয়াত মুমিনকে আল্লাহর নৈকট্য ও দোয়া কবুলের ব্যাপারে আশাবাদী করে। তাই দোয়া করার সময় মনে রাখতে হবে, আল্লাহ বান্দার কথা শোনেন। তিনি তার প্রয়োজন ও অসহায়ত্ব সম্পর্কে সম্পূর্ণ অবগত।
দোয়া করার পর দ্রুত ফল না পেলে হতাশ হওয়া উচিত নয়। অনেক সময় বান্দা যে বিষয়টি চান, তা সঙ্গে সঙ্গে তার জন্য কল্যাণকর নাও হতে পারে। আল্লাহ নিজের জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী বান্দার দোয়ার জবাব দেন।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, কোনো মুসলিম এমন দোয়া করলে যাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, আল্লাহ তাকে তিনটির একটি দান করেন- হয় তার দোয়া দ্রুত কবুল করেন, অথবা তা আখেরাতের জন্য সঞ্চিত রাখেন, অথবা তার অনুরূপ কোনো অকল্যাণ তার কাছ থেকে দূরে সরিয়ে দেন। সাহাবিরা বললেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তিনি বলেন, ‘আল্লাহ আরও বেশি দানকারী।’ (মুসনাদে আহমাদ: ১১১৩৩)
অর্থাৎ মুমিনের কোনো দোয়াই বৃথা যায় না। কখনো চাওয়া বিষয়টি পাওয়া যায়, কখনো তার প্রতিদান আখেরাতের জন্য জমা থাকে, আবার কখনো দোয়ার কারণে বিপদ দূর হয়। তাই দোয়া কবুল হতে দেরি হলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না।
আল্লাহ তাআলা নিজেই বান্দাকে তাঁর কাছে চাইতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
সুতরাং দোয়া করার সময় দ্বিধা বা হতাশা নয়, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও তাঁর রহমতের আশা রাখতে হবে। বিনয়, আন্তরিকতা ও নিজের অসহায়ত্বের অনুভূতি নিয়ে বারবার তাঁর কাছে চাইতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর কাছে কোনো চাওয়াই অসম্ভব নয় এবং তাঁর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই।
তথ্যসূত্র: সুরা আরাফ: ৫৫-৫৬; সুরা বাকারা: ১৮৬; সুরা গাফির: ৬০; মুসনাদে আহমদ: ১১১৩৩