ধর্ম ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
নবীজি (স.) ও আবু বকর (রা.) মদিনার পথে রওনার পরদিন সকালে আবু জাহেল কয়েকজন লোক নিয়ে হাজির হলো আবু বকরের বাড়িতে। দরজায় দাঁড়িয়ে ছিলেন আসমা বিনতে আবু বকর (রা.)। আবু জাহেল তাঁর কাছে জানতে চাইল, আবু বকর কোথায়। তিনি কিছুই জানেন না বললে ক্ষিপ্ত হয়ে আবু জাহেল তাঁর গালে সজোরে চড় মারে। তবু বাবার অবস্থান জানাননি তিনি।
ইসলামের ইতিহাসে আসমা (রা.) স্মরণীয় হয়ে আছেন সাহস, বুদ্ধিমত্তা ও ত্যাগের জন্য। হিজরতের কঠিন সময়ে নবীজি (স.) ও আবু বকর (রা.)-এর নিরাপদ যাত্রার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। নানা প্রতিকূলতার মধ্যেও নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাননি।
আসমা (রা.) ছিলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.)-এর মেয়ে এবং উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর বড় বোন। তাঁর স্বামী জুবাইর ইবনুল আওয়াম (রা.) ছিলেন নবীজির ঘনিষ্ঠ সাহাবি এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন। তাঁদের ছেলে আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.) পরবর্তী সময়ে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জীবনীগ্রন্থের বর্ণনা অনুযায়ী, আসমা ইসলামের দাওয়াতের শুরুর দিকেই ঈমান আনেন।
আরও পড়ুন: মুসআব ইবনে উমাইর (রা.): ইসলামের প্রথম দূত
মক্কায় নির্যাতন চরমে পৌঁছালে আল্লাহর নির্দেশে নবীজি (স.) মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন। সফরসঙ্গী হন আবু বকর (রা.)। কুরাইশরা তখন নবীজিকে হত্যার পরিকল্পনা করছে। তাই হিজরতের প্রতিটি আয়োজন করতে হচ্ছিল অত্যন্ত গোপনে ও সতর্কতার সঙ্গে।
সহিহ বুখারির বর্ণনা অনুযায়ী, আসমা (রা.) নবীজি ও আবু বকরের সফরের জন্য খাবার প্রস্তুত করেন। খাবারের থলের মুখ বাঁধার মতো কিছু খুঁজে না পেয়ে বাবাকে বিষয়টি জানান। আবু বকর (রা.) তাঁকে নিজের কোমরবন্ধনী লম্বালম্বি দুই ভাগ করে নিতে বলেন। আসমা তা-ই করেন। এক অংশ দিয়ে খাবারের থলের মুখ বাঁধেন, অন্য অংশ নিজের কোমরে রাখেন।
এই ঘটনার পর তিনি পরিচিত হন ‘জাতুন নিতাকাইন’ নামে। এর অর্থ দুই কোমরবন্ধনীর অধিকারী নারী। (সহিহ বুখারি: ৩৯০৫, ৩৯০৭)
নবীজি ও আবু বকরের খোঁজে কুরাইশরা তখন চারদিকে ছুটতে শুরু করেছে। আবু জাহেল কয়েকজন লোক নিয়ে এসে আসমার কাছে জানতে চাইল, তাঁর বাবা কোথায়। আসমা শান্তভাবে উত্তর দিলেন, ‘আমি কীভাবে জানব?’
ক্ষিপ্ত হয়ে আবু জাহেল তাঁর মুখে এত জোরে থাপ্পড় মারে যে তাঁর কানের দুল ছিটকে উড়ে যায়। (সিয়ারু আলাম আন-নুবালা: ৩/৫২৩)
আরও পড়ুন: ‘উম্মাহর আমানতদার’ আবু উবাইদা (রা.)
আবু বকর (রা.) নিজের সম্পদ সঙ্গে নিয়ে মক্কা ছেড়েছিলেন। পরিবারের জন্য কিছুই রেখে যাননি। বাবা চলে যাওয়ার পর আসমার বৃদ্ধ ও অন্ধ দাদা আবু কুহাফা তাঁদের দেখতে আসেন। তিনি তখনো মুসলিম হননি। ছেলের এভাবে চলে যাওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। নাতি-নাতনিদের জন্য কিছুই রেখে যায়নি কি না, তা জানতে চান।
আসমা (রা.) বুদ্ধি করে কিছু পাথর কাপড়ে মুড়িয়ে আবু বকরের সম্পদ রাখার জায়গায় রেখে দেন। এরপর দাদার হাত সেখানে ছুঁইয়ে দিলেন, যাতে তিনি বিশ্বাস করেন যে অর্থের কোনো অভাব নেই। পরে আসমা জানান, দাদাকে সান্ত্বনা দিতেই তিনি এমন কৌশল করেছিলেন। আসলে আবু বকর তাঁদের জন্য কোনো সম্পদ রেখে যাননি। (সীরাত ইবনে হিশাম: ১/৪৪৮)
সীরাতের কিছু বর্ণনা অনুযায়ী, নবীজি (স.) ও আবু বকর (রা.) সাওর গুহায় আশ্রয় নেওয়ার সময় আসমা তাঁদের জন্য খাবার ও পাথেয় পৌঁছে দেন। কুরাইশরা তখন নবীজিকে খুঁজে বের করতে মরিয়া। এমন বিপজ্জনক পরিস্থিতিতে গোপনে খাবার পৌঁছে দেওয়ার কাজেও আসমাকে সাহস ও সতর্কতার পরিচয় দিতে হয়েছিল। (ইবনে হিশাম, আস-সিরাহ: ২/৯৮)
আসমা (রা.) শুধু হিজরতের প্রস্তুতিতে সহযোগিতা করেই থেমে থাকেননি, নিজেও কঠিন পরিস্থিতিতে মদিনায় হিজরত করেন। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। গর্ভাবস্থার শেষ পর্যায়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছান মদিনার উপকণ্ঠে কুবায়।
সহিহ বুখারিতে আসমা (রা.) নিজেই এ ঘটনার বিবরণ দিয়েছেন। কুবায় পৌঁছানোর পর সেখানে জন্ম নেন তাঁর ছেলে আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.)। নবজাতককে নবীজির কাছে নিয়ে গেলে তিনি একটি খেজুর চিবিয়ে শিশুর মুখে দেন এবং তাঁর জন্য দোয়া করেন।
আবদুল্লাহ ছিলেন মদিনায় মুহাজিরদের মধ্যে জন্ম নেওয়া প্রথম শিশু। তাঁর জন্মে মুসলমানরা আনন্দে তাকবির দিয়েছিলেন। (সহিহ বুখারি: ৩৯০৯, ৫৪৬৭)
আসমা (রা.)-এর জীবন থেকে বোঝা যায়, দ্বীনের জন্য অবদান রাখতে সবসময় বড় কোনো পদ বা সম্পদের প্রয়োজন হয় না। আন্তরিকতা, সাহস ও দায়িত্ব পালনের দৃঢ়তা একজন মানুষকে ইতিহাসে স্মরণীয় করে রাখতে পারে। হিজরতের কঠিন সময়ে তাঁর ভূমিকা মুসলিম নারীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।
তথ্যসূত্র: সহিহ বুখারি, সীরাত ইবনে হিশাম, তারিখে মদিনাতি দিমাশক