Dhaka Mail Logo

ইসলাম

আজ আন্তর্জাতিক ইসলামি শিল্পকলা দিবস

ধর্ম ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

আজ ১৮ নভেম্বর (বুধবার) আন্তর্জাতিক ইসলামি শিল্পকলা দিবস। ইসলামি শিল্পকলার সমৃদ্ধ ঐতিহ্য, বৈচিত্র্য এবং বিশ্বসভ্যতায় এর অবদান তুলে ধরতে প্রতিবছর এ দিবসটি পালিত হয়।

২০১৮ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক ইসলামি শিল্প দিবস পালনের উদ্যোগ নেয় বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজ। পরে বাহরাইনের প্রস্তাবটি ইউনেস্কোর ৪০তম সাধারণ সম্মেলনে অনুমোদিত হয়। ২০১৯ সালের ২৬ নভেম্বর গৃহীত এ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১৮ নভেম্বর আন্তর্জাতিক ইসলামি শিল্প দিবস পালিত হয়।

দিবসটির লক্ষ্য ইসলামি শিল্পকলার অতীত ও সমকালীন ধারার সঙ্গে বিশ্ববাসীর পরিচয় ঘটানো। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সাংস্কৃতিক সংলাপ জোরদার করা।

আরও পড়ুন: মক্কায় ৪০০ বছরের পুরনো কোরআন: পাতায় পাতায় স্বর্ণের কারুকাজ

ইসলামি শিল্পকলা বলতে শুধু মসজিদ বা ধর্মীয় স্থাপনার নকশা বোঝায় না। আরবি ক্যালিগ্রাফি, কোরআনের অলংকৃত পাণ্ডুলিপি, স্থাপত্য, জ্যামিতিক নকশা, সিরামিক, বস্ত্রশিল্প, ধাতুশিল্প ও কারুশিল্প এর গুরুত্বপূর্ণ অংশ। স্পেন থেকে চীন এবং উত্তর আফ্রিকা থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বিভিন্ন অঞ্চল ও যুগের সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে এ শিল্পধারা সমৃদ্ধ হয়েছে।

১ হাজার ৪০০ বছরেরও বেশি ইতিহাস ধারণ করা ইসলামি শিল্পকলা মুসলিম সভ্যতার সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ নিদর্শন। বিভিন্ন সময়ের শিল্পী ও কারিগরেরা নিজস্ব ঐতিহ্য, নকশা ও নির্মাণশৈলীর মাধ্যমে এ শিল্পকলাকে সমৃদ্ধ করেছেন। এর প্রভাব বিশ্বের নানা অঞ্চলের শিল্প ও স্থাপত্যেও ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: জাতীয় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা

দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে জাদুঘর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিশেষ আয়োজন করেছে। কাতারের দোহায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক আর্ট এ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে। এতে ইসলামি পাণ্ডুলিপির অলংকরণশিল্প নিয়ে কর্মশালা, আরবি ও ইংরেজি ভাষায় নির্দেশিত প্রদর্শনী পরিদর্শন, শিশুদের গল্পপাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। জাদুঘরের গ্রন্থাগারেও বুকমার্ক তৈরি ও ইসলামি নকশাভিত্তিক ধাঁধার আয়োজন রাখা হয়েছে। (কাতার নিউজ এজেন্সি)

এদিকে কুয়েতের দার আল-আথার আল-ইসলামিয়্যাহ এবং বাহরাইনের কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজ কর্তৃপক্ষ যৌথভাবে একটি ইন্টার‌্যাকটিভ ভার্চুয়াল প্রদর্শনী চালু করেছে। ১৭ নভেম্বর চালু হওয়া ‘বিটুইন টু মাস্টারপিসেস: দ্য বার্থ অব দার আল-আথার আল-ইসলামিয়্যাহ’ শীর্ষক এ প্রদর্শনীর মাধ্যমে আল-সাবাহ সংগ্রহের নির্বাচিত শিল্পকর্ম ও ইসলামি ঐতিহ্য সম্পর্কে দর্শনার্থীরা জানতে পারবেন। (কুয়েত টাইমস)

ইসলামি শিল্পকলা শুধু অতীতের স্মারক নয়, এটি মুসলিম সভ্যতার ইতিহাস, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জীবন্ত প্রকাশ। এ ঐতিহ্য সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব স্মরণ করিয়ে দেয় আন্তর্জাতিক ইসলামি শিল্প দিবস।

তথ্যসূত্র: ইউনেস্কো, কাতার নিউজ এজেন্সি ও কুয়েত টাইমস