Dhaka Mail Logo

ইসলাম

মাত্র ১৮ মাসে কোরআনের হাফেজ দুই কিশোর

ধর্ম ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

মাত্র ১৮ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন ঢাকার খিলক্ষেতের আলহাজ আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার দুই শিক্ষার্থী। তাদের একজনের বয়স ১০ বছর, অন্যজনের ১১।

দুই কিশোর হলেন হাফেজ আকিকুল ইসলাম ও হাফেজ রাকিবুল ইসলাম। আকিকুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুরে। তার বাবা মো. কামরুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। বর্তমানে তারা খিলক্ষেত নেভি কলোনিতে বসবাস করেন। রাকিবুল ইসলামের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। তার বাবা মো. নজরুল ইসলাম প্রবাসে থাকেন।

মাদরাসা সূত্রে জানা গেছে, দুজনই ১৮ মাসের মধ্যে পুরো কোরআন মুখস্থ করেছেন। তাদের হিফজের শেষ আট মাস ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সময়ে আকিকুল ইসলাম মুখস্থ করেছেন ১৭ পারা, আর রাকিবুল ইসলাম ১৮ পারা।

দুই শিক্ষার্থীর এমন সাফল্যে আনন্দিত মাদরাসার শিক্ষক ও এলাকাবাসী। মাদরাসার পরিচালক হজরত মাওলানা ইসহাক কামাল বলেন, ‘পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। অল্প বয়সে আমাদের দুই শিক্ষার্থীর এই অর্জন অত্যন্ত আনন্দের। তাদের মেধা, একাগ্রতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত ফল এই সাফল্য। আমরা আশা করি, তারা কোরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবেন।’

আরও পড়ুন: ১০ মাসে কোরআনে হাফেজ ৯ বছরের মাসুদ

মাদরাসার সভাপতি আলহাজ এস.এম. ফজলুল হক আশা প্রকাশ করেন, নবীন এই হাফেজরা কোরআনের আলোয় নিজেদের জীবন গড়ার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবেন। একই সঙ্গে তিনি খিলক্ষেতের সর্বস্তরের মানুষকে মাদরাসার প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

এ বছর মাদরাসাটি থেকে হিফজ সম্পন্ন করেছেন মোট ২৩ জন শিক্ষার্থী। মাদরাসার বার্ষিক ইসলামি মহাসম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের পাগড়ি প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান, জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা নাজমুল হাসান কাসেমী, জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুমের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা লোকমান মাযহারী, জামিয়াতুল মানহাল আল-কওমিয়ার মুহাদ্দিস মাওলানা আদনান মাসউদ, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী এবং খিলক্ষেত বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম কাসেমীসহ বিশিষ্ট আলেমরা।