ধর্ম ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম
মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর সুন্নাহর মর্যাদা, গুরুত্ব ও অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরতে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে দেশটির বিভিন্ন মসজিদে সাম্প্রতিক জুমার খুতবায় সুন্নাহর গুরুত্ব এবং পবিত্র কোরআনের সঙ্গে এর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘বায়দা... মিন ওয়াহই আল-সামা’ (আসমানি ওহি থেকে অনুপ্রাণিত) শীর্ষক এই প্রচারাভিযান ২ নভেম্বর শুরু হয়েছে, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এর মাধ্যমে ইসলামি শরিয়তের অন্যতম উৎস হিসেবে সুন্নাহর অবস্থান, পবিত্র কোরআনের সঙ্গে এর সম্পর্ক, শরিয়তে এর প্রামাণিকতা এবং রাসুলুল্লাহ (স.)-এর আনুগত্যের অপরিহার্যতা তুলে ধরা হচ্ছে।
আরও পড়ুন: আপনার বয়ানের পর উম্মাহ কি ঐক্যবদ্ধ হয়, নাকি বিভক্ত?
এ প্রচারাভিযানের অংশ হিসেবে গত ৬ নভেম্বরের জুমার খুতবার বিষয় ছিল ‘সম্পদ একটি আমানত: স্থায়ী কল্যাণের গুরুত্ব’। আর ১৩ নভেম্বরের খুতবায় আলোচনা করা হয় ‘অপচয় করবেন না: ভোগের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা’ শীর্ষক বিষয়ে।
খুতবাগুলোতে মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন ও সামাজিক জীবনে রাসুলুল্লাহ (স.)-এর শিক্ষা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সততা, পরিমিতিবোধ, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং অপচয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ধর্মীয় ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দিতে জুমার খুতবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে ইসলামের নীতিমালাকে বাস্তব জীবনে অনুসরণের উপযোগী করে তোলা এবং মানুষের দৈনন্দিন জীবনে নবীজির সুন্নাহর চর্চা জোরদার করা সম্ভব।
সূত্র: দ্য পেনিনসুলা, কাতার