Dhaka Mail Logo

ইসলাম

৭ দিনের সফরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন মুফতি তাকি উসমানি

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তানের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির সাত দিনের বাংলাদেশ সফরের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সফরে দেশের বিভিন্ন স্থানে নয়টি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরসূচিতে রয়েছে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন, দস্তারবন্দি সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহি সম্মেলন ও দরসে বুখারি।

বুধবার (১১ নভেম্বর) তার সফরের প্রধান সমন্বয়কারী মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরসূচি প্রকাশ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর রোববার থেকে তাঁর বাংলাদেশ সফর শুরু হবে। ওই দিন মাগরিব বা এশার পর শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে অংশ নেবেন তিনি।

২৩ নভেম্বর সোমবার এশার পর ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে উপস্থিত থাকবেন। পরদিন ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সফর করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসায়।

২৫ নভেম্বর বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি করবেন। একই দিন এশার পর সিলেটের আলিয়া মাঠে উলামা সম্মেলনে অংশ নেবেন।

আরও পড়ুন

২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন

মাদরাসার অপকর্ম আড়াল নয়, প্রমাণের আগে বিচারও নয়: শায়খ আহমাদুল্লাহ

২৬ নভেম্বর বৃহস্পতিবার মাগরিবের পর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উলামা সম্মেলনে যোগ দেবেন তিনি।

২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও সাধারণ বয়ান করবেন। একই দিন এশার পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে অনুষ্ঠিত ইসলাহি সম্মেলনে অংশ নেবেন।

সফরের শেষ দিন ২৮ নভেম্বর শনিবার মাগরিবের পর জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদান করবেন এই প্রখ্যাত মুহাদ্দিস।

এর আগে বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে মুফতি তাকি উসমানির সফরসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়। প্রথম দিকে প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও সর্বশেষ ৬ নভেম্বর সূচি চূড়ান্ত করার সময় কর্মসূচির সংখ্যা কমিয়ে আনা হয়। এতে আগের পরিকল্পনায় থাকা কয়েকটি আয়োজন বাদ পড়ে বলে জানিয়েছেন আয়োজকরা।

জেবি