নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
মুসলিম নারীদের দ্বীনি জ্ঞানচর্চা, দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে আস-সুন্নাহ ফাউন্ডেশন চালু করেছে ‘দাওয়াতুস সুন্নাহ মহিলা উইং’। এর মাধ্যমে দেশ-বিদেশের নারীরা কোরআন শিক্ষা, আরবি ভাষা ও মৌলিক দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি তাদের দক্ষ দাঈ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলাদের জন্য বিশেষ দাওয়াহ কর্মশালা অনুষ্ঠানে এ উদ্যোগের কথা জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে মহিলা উইংয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
শায়খ আহমাদুল্লাহ জানান, আগ্রহী নারীদের নিবন্ধনের পর মূল্যায়ন ও প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণ শেষে তারা অনলাইন ও সরাসরি বিভিন্ন মাধ্যমে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য অভিজ্ঞ আলেম ও প্রশিক্ষকদের সহযোগিতায় ধারাবাহিক জ্ঞানচর্চার সুযোগ রাখা হবে।
অনুষ্ঠানে তিনি আরও জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অন্তত ৫০ লাখ মানুষের কাছে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এ উদ্দেশ্যে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজও চলছে।
দাওয়াতি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইখলাস, নিজের জ্ঞানের সীমার মধ্যে থাকা, উম্মাহর ঐক্য বজায় রাখা, দায়িত্বশীলদের প্রতি আনুগত্য, ধারাবাহিক জ্ঞান অর্জন এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাসহ আটটি বিষয়ে গুরুত্বারোপ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। পাশাপাশি নারীদের দ্বীনি কাজে এগিয়ে আসার ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা এবং এ কাজে নিজেদের সময় ও শ্রম দেওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানান তিনি।
এসআই