Dhaka Mail Logo

ইসলাম

কাবার ভেতরে নামাজ পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

ধর্ম ডেস্ক

০২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

ওমরা পালন শেষে পবিত্র কাবার ভেতরে গিয়ে নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের অনুমতি ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সহযোগিতায় তিনি দেশটির একটি প্রতিনিধিদল নিয়ে কাবার ভেতরে প্রবেশের বিরল সুযোগ পান।

সোমবার (২ নভেম্বর) এক বিবৃতিতে নিজের এই অভিজ্ঞতার কথা জানান তিনুবু। তিনি বলেন, পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করা তার জীবনের এক ঐতিহাসিক ও গভীরভাবে স্মরণীয় আধ্যাত্মিক অভিজ্ঞতা। এ সুযোগ দেওয়ায় সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

tinubu-4

আরও পড়ুন: কাবার ভেতরে কী আছে

বিবৃতিতে বলা হয়, মসজিদুল হারামের শেখ দাহলুল্লাহ মুতাওয়ালের নেতৃত্বে প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা কাবার ভেতরে প্রবেশ করেন। এ সময় রাষ্ট্রীয় প্রটোকল কর্মকর্তা আহমেদ জাফিরও উপস্থিত ছিলেন। সেখানে নামাজ আদায়ের পাশাপাশি দেশের মানুষের কল্যাণে দোয়া করেন তিনুবু। নাইজেরিয়ার জনগণের সেবা করতে তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও দৃঢ়তা কামনা করেন।

তিনুবু জানান, এই সফর নাইজেরিয়ার সমৃদ্ধি অর্জন এবং দেশটির তরুণদের জন্য আরও সুযোগ তৈরির সংকল্পকে দৃঢ় করেছে। তিনি বলেন, আল্লাহর রহমতে তার দোয়া কবুল হবে বলে তিনি আশাবাদী।

tinubu-5

আরও পড়ুন: কাবা শরিফ সম্পর্কে অবাক করা কিছু ঐতিহাসিক তথ্য

প্রেসিডেন্টের সঙ্গে কাবার ভেতরে নামাজ আদায় করেন নাইজেরিয়ার কয়েকজন মন্ত্রী, বিভিন্ন রাজ্যের গভর্নর ও ব্যবসায়ী নেতা। তাদের মধ্যে ছিলেন বুয়া গ্রুপের চেয়ারম্যান আবদুল সামাদ রাবিউ এবং ওয়ান্ডো গ্রুপের প্রধান নির্বাহী ওয়ালে তিনুবু।

গত ২৯ অক্টোবর সৌদি আরব সফরে যান নাইজেরিয়ার প্রেসিডেন্ট। পরদিন ৩০ অক্টোবর তিনি মসজিদুল হারামে ওমরা পালন করেন। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সৌদি-আফ্রিকা সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি ওমরা পালন করেছিলেন।

সূত্র: স্টেট হাউস, নাইজেরিয়া