ধর্ম ডেস্ক
০১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ মুফতি মুহাম্মদ তাকি উসমানি। আগামী ২২ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন। সফর শেষে ২৮ নভেম্বর তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।
রোববার (১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি জানান, আগামী ২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এ ছাড়া সফরকালে আরও কয়েকটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
আরও পড়ুন: শিয়া-সুন্নি বিভেদ ভুলে আগ্রাসী শক্তির মোকাবিলায় এক হোন: তাকি উসমানি
সম্মেলনে আরও উপস্থিত থাকার কথা রয়েছে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীর। তিনি মুলতানের খাইরুল মাদারিসের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। হাদিস, ফিকহ ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার বিশেষ পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।