ধর্ম ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁর তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকার চেক দিয়েছে ফাউন্ডেশন।
রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।
পোস্টে তিনি লেখেন, ‘সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলাম আমরা। সঙ্গে তাঁর তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছি।’
আরও পড়ুন: মুসলিম উম্মাহ আজ বহুমুখী ষড়যন্ত্রের কবলে: শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ
তিনি আরও লেখেন, ‘দোয়া করি, মহান আল্লাহ এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার এবং নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’
নাসরুল্লাহ বদরপুরি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ঢালুয়া এলাকার বাসিন্দা ছিলেন। ওমরা পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার পথে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটের অপেক্ষায় থাকার সময় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি।
৩৫ বছর বয়সী নাসরুল্লাহ রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার সহকারী মুহতামিম ছিলেন। তিনি কোরআনের হাফেজ ও মুফতি ছিলেন। তাঁর তিন সন্তানের বয়স যথাক্রমে ৭, ৫ ও ২ বছর। বাবাকে হারিয়ে অল্প বয়সেই তারা এতিম হয়েছে।