নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মগবাজার রেলগেট এলাকার শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে দিনব্যাপী এ অডিশনে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক হাফেজে কোরআন অংশ নেন। তাদের মধ্য থেকে বাছাই শেষে ৭০ জন প্রতিযোগী পরবর্তী পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন।
আয়োজকেরা জানান, অডিশনে প্রতিযোগীদের হিফজ, তাজবিদ, কিরাআত, লাহন ও উপস্থাপনার দক্ষতা মূল্যায়ন করা হয়। বিচারকমণ্ডলীর মূল্যায়ন শেষে নির্বাচিত ৭০ জন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ অর্জন করেন।
অডিশনে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও কারি এ কে এম ফিরোজ। এ ছাড়া মাওলানা খন্দকার মাহবুবুল হক, মসজিদটির ইমাম মাওলানা হাফেজ এজাজুল ইসলামসহ দেশের স্বনামধন্য হাফেজ, কারি ও আলেমদের সমন্বয়ে গঠিত আরও ১৫ জন অভিজ্ঞ বিচারক প্রতিযোগীদের মূল্যায়ন করেন।

আয়োজকেরা জানান, সারা দেশে চলমান অডিশনের ধারাবাহিকতায় নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে। টানা ১৬ বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার প্রতিযোগিতাটির ১৭তম আসরে দেশসেরা হাফেজদের বাছাই কার্যক্রম চলছে।
ঢাকা অডিশন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটি সহযোগিতা করে। প্রতিযোগী, বিচারক ও অতিথিদের জন্য আতিথেয়তা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতেও তারা ভূমিকা রাখে।
প্রসঙ্গত, কুরআন সুন্নাহ মাল্টিমিডিয়া ও আরটিভির যৌথ উদ্যোগে আয়োজিত ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’ একটি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। আয়োজকদের দাবি, টানা ১৬ বছরের ধারাবাহিকতায় এবার ১৭তম আসরের মাধ্যমে দেশের মেধাবী হাফেজদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
জেবি