ধর্ম ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম
পবিত্র কাবার প্রায় সরাসরি ওপরে অবস্থান করেছে চাঁদ। সোমবার (৫ অক্টোবর) সকালে মক্কার আকাশে এ জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য দেখা যায়। জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে চাঁদ মক্কার আকাশে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়।
ওই সময় চাঁদের উচ্চতা ছিল প্রায় ৮৯ দশমিক ৮৭ ডিগ্রি। অর্থাৎ আকাশের মাথার ঠিক ওপরের বিন্দু থেকে চাঁদের কেন্দ্রের কৌণিক দূরত্ব ছিল মাত্র ৭ মিনিট ৪৩ সেকেন্ড চাপ। ফলে চাঁদকে কাবার প্রায় সরাসরি ওপরের আকাশে দেখা যায়।
চাঁদ তখন ছিল ক্ষয়িষ্ণু বাঁকা চাঁদ বা ‘ওয়ানিং ক্রিসেন্ট’ পর্যায়ে। এর প্রায় ৩১ দশমিক ৮ শতাংশ অংশ আলোকিত ছিল। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের দূরত্ব ছিল প্রায় ৩ লাখ ৭২ হাজার ২৫৩ কিলোমিটার। তখন চাঁদের আপাত আকার ছিল প্রায় ০.৫৪ ডিগ্রি, যা আকাশে সূর্যের আপাত আকারের কাছাকাছি।
চাঁদটি খালি চোখেও দেখা সম্ভব ছিল। তবে সকালে সূর্য আকাশে থাকায় রাতের তুলনায় এর দৃশ্যমানতা কিছুটা কম ছিল।
আরও পড়ুন: কাবা শরিফ সম্পর্কে অবাক করা কিছু ঐতিহাসিক তথ্য
২০২৬ সালে কাবার ওপর চাঁদের এমন অবস্থান এ নিয়ে দ্বিতীয়বার ঘটল। এর আগে ২৮ ফেব্রুয়ারি একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চাঁদের ক্রান্তি (আকাশে উত্তর-দক্ষিণ অবস্থানের কোণ) যখন মক্কার অক্ষাংশের (প্রায় ২১ দশমিক ৪ ডিগ্রি উত্তর) কাছাকাছি আসে এবং চাঁদ স্থানীয় মধ্যরেখা অতিক্রম করে, তখন তা প্রায় মাথার ঠিক ওপরে পৌঁছায়। এবার চাঁদের ক্রান্তি ছিল প্রায় ২১°৩৩′ উত্তর।
এ ধরনের ঘটনা কেবলার দিক বোঝার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। যেসব স্থান থেকে ওই সময় চাঁদ দেখা যায়, সেখানকার মানুষ চাঁদের অবস্থানকে মক্কার দিকের একটি দৃশ্যমান নির্দেশক হিসেবে ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে কেবলার দিক নির্ধারণে আরও নির্ভুল প্রযুক্তি ও পদ্ধতি রয়েছে।
সূত্র: জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি