নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
আজানের মধুর ধ্বনি মুমিনের হৃদয়ে নামাজের প্রতি আকর্ষণ তৈরি করে। শুদ্ধ উচ্চারণ, সুর ও কণ্ঠের দরদে আজানকে আরও হৃদয়গ্রাহী করে তুলতে মুয়াজ্জিনদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির উদ্যোগে এবার তৃতীয় দফায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘৩য় মুয়াজ্জিন প্রশিক্ষণ’ শীর্ষক এ আয়োজনে আজান ও ইকামাতের প্রতিটি শব্দের নিখুঁত ও বিশুদ্ধ উচ্চারণের পাশাপাশি সংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়েল শেখানো হবে। একই সঙ্গে পবিত্র মদিনা ও মিশরের ঐতিহ্যবাহী আজানের সুরের ওপর থাকবে নিবিড় অনুশীলন।
প্রশিক্ষণে কণ্ঠের যত্ন, দীর্ঘ শ্বাস নিয়ন্ত্রণ ও কণ্ঠের স্কেল ঠিক রাখার ব্যায়াম, তারবিয়াহ ও ব্যক্তিত্ব উন্নয়ন, যোগাযোগ ও সমঝোতা দক্ষতা এবং সাউন্ড সিস্টেম পরিচালনার মতো ব্যবহারিক বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি আদর্শ মুয়াজ্জিনের বৈশিষ্ট্য, রুকইয়াহ সেশন ও প্যারেন্টিং নিয়েও সেশন থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণটি ১০০ শতাংশ স্কলারশিপের আওতায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য মানসম্মত আবাসন ও খাবারের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এ ছাড়া যাতায়াত খরচ প্রদান, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের সনদ এবং দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক প্যানেলের মাধ্যমে ব্যক্তিগত মূল্যায়ন ও পরিচর্যার সুযোগ থাকছে।
আরও পড়ুন
ব্যক্তিগত সহায়তা কেন দেয় না আস-সুন্নাহ, ব্যাখ্যায় শায়খ আহমাদুল্লাহ
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ অনুষ্ঠিত
প্রশিক্ষণে অংশ নিতে হলে আবেদনকারীকে বর্তমানে মুয়াজ্জিন হিসেবে কর্মরত হতে হবে এবং মসজিদ কমিটির প্রত্যয়নপত্র জমা দিতে হবে। পাশাপাশি কোরআনের হাফেজ অথবা নাহবেমির কিংবা আলিয়া থেকে দাখিল পাস হতে হবে। কণ্ঠে সুর থাকা এবং সুর রপ্ত করার সক্ষমতার পাশাপাশি আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। প্রশিক্ষণ শুরু হবে ১১ অক্টোবর এবং শেষ হবে ২০ অক্টোবর। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। শুক্রবার থাকবে সাপ্তাহিক ছুটি।
আগ্রহীদের অনলাইনে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য ফোনে যোগাযোগ করা হবে।
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৮০৫৪৩৭৯১০ নম্বরে।
জেবি