Dhaka Mail Logo

ইসলাম

নারীর ডিম্বাণু ফ্রিজিং করা কি জায়েজ?

ধর্ম ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে এখন নারীর ডিম্বাণু সংগ্রহ করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়। ‘এগ ফ্রিজিং’ বা ‘ওসাইট ক্রায়োপ্রিজারভেশন’ নামে পরিচিত এই পদ্ধতিতে নারীর অনিষিক্ত ডিম্বাণু হিমায়িত অবস্থায় রাখা হয়। পরে সন্তান নেওয়ার প্রয়োজন হলে ওই ডিম্বাণু শুক্রাণু দিয়ে নিষিক্ত করে ভ্রূণ তৈরি করা হয়। এরপর তা জরায়ুতে স্থাপন করে গর্ভধারণের চেষ্টা করা হয়।

ক্যানসারের মতো রোগের চিকিৎসা শুরুর আগে ভবিষ্যতে সন্তান ধারণের সক্ষমতা ধরে রাখার জন্য কেউ কেউ ডিম্বাণু সংরক্ষণ করেন। আবার চিকিৎসাগত প্রয়োজন না থাকলেও বয়স বাড়ার সঙ্গে সন্তান ধারণের সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কায় অনেকে আগে থেকেই ডিম্বাণু সংরক্ষণ করেন। প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে এ পদ্ধতি গ্রহণ করা কতটা বৈধ?

চিকিৎসা গ্রহণের মূলনীতি

ইসলামে চিকিৎসা গ্রহণ বৈধ। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা দেননি।’ (সহিহ বুখারি: ৫৬৭৮)

তবে সন্তান ধারণ ও প্রজননসংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে আরও কিছু বিষয় বিবেচনা করতে হয়। এটি শুধু চিকিৎসার বিষয় নয়। সন্তানের বংশপরিচয়, স্বামী-স্ত্রীর বৈধ সম্পর্ক এবং কার শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করা হচ্ছে- এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। তাই কোনো আধুনিক প্রজননপ্রযুক্তি বৈধ কি না, তা নির্ভর করে সেটি কীভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর।

কৃত্রিম প্রজননের ক্ষেত্রে শরিয়তের অবস্থান

আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমি ১৯৮৬ সালে কৃত্রিম প্রজনন বা টেস্টটিউব বেবি নিয়ে একটি সিদ্ধান্ত দেয়। এতে বলা হয়েছে, স্বামী-স্ত্রীর নিজেদের শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করে বৈধ বিবাহের মধ্যে ভ্রূণ তৈরি করে স্ত্রীর জরায়ুতে স্থাপন করা যেতে পারে।

তবে অন্যকোনো পুরুষের শুক্রাণু বা অন্য নারীর ডিম্বাণু ব্যবহার করা যাবে না। এমন কোনো পদ্ধতিও গ্রহণ করা যাবে না, যাতে সন্তানের আসল বাবা-মা বা বংশপরিচয় নিয়ে প্রশ্ন তৈরি হয়।

সহজ কথায়, টেস্টটিউব বেবি বা কৃত্রিম প্রজনন পদ্ধতিটিই ইসলামে নিষিদ্ধ নয়। এখানে মূল বিষয় হলো- কার শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি বৈধ দাম্পত্য সম্পর্কের মধ্যে হচ্ছে কি না।

আরও পড়ুন: নতুন প্রজন্মের আলেমরা কীভাবে বদলাচ্ছেন দ্বীনি আলোচনার ধারা

ডিম্বাণু ফ্রিজিং কি জায়েজ?

এ বিষয়ে সমকালীন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। জর্ডানের সরকারি ইফতা বোর্ড ২০১৭ সালে নারীর ডিম্বাণু ফ্রিজিং নিয়ে একটি সিদ্ধান্ত দেয়। সেখানে বলা হয়েছে, ডিম্বাণু সংরক্ষণকে সরাসরি নিষিদ্ধ বলা যাবে না। তবে ভবিষ্যতে সেটি যেন বৈধ বিবাহের মধ্যেই ব্যবহার করা হয় এবং বংশপরিচয় নিয়ে কোনো জটিলতা তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো নারী অবিবাহিত থাকা অবস্থায় বা আগের বিয়ের সময় নিজের ডিম্বাণু সংরক্ষণ করতে পারেন। পরে নতুন করে বৈধ বিয়ে হলে সেই স্বামীর সঙ্গে তা ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে একই স্বামীর সঙ্গে বিয়ে থাকা অবস্থায় ডিম্বাণু সংরক্ষণ করে পরে তা নিষিক্ত করাকে বেশি নিরাপদ ও সতর্কতাপূর্ণ বলা হয়েছে।

অন্যদিকে কিছু আলেম ডিম্বাণু সংরক্ষণের সময় নমুনা মিশে যাওয়া, ভুল ব্যক্তির কাছে চলে যাওয়া বা অন্যভাবে অপব্যবহারের আশঙ্কার কথা বলেছেন। তাই তারা এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এ কারণে ডিম্বাণু ফ্রিজিংকে সব অবস্থায় হারাম বলা যেমন ঠিক নয়, তেমনি কোনো শর্ত ছাড়াই সব অবস্থায় জায়েজ বলাও ঠিক নয়।

কী কী শর্ত মানতে হবে?

ডিম্বাণু সংরক্ষণ ও পরে ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় নিশ্চিত করা জরুরি।

এক. ডিম্বাণুটি ওই নারীর নিজের হতে হবে। অন্য নারীর ডিম্বাণু ব্যবহার করা যাবে না।

দুই. পরে সেটি নিষিক্ত করতে হবে বৈধ স্বামীর শুক্রাণু দিয়ে। অন্য কোনো পুরুষের শুক্রাণু ব্যবহার করা যাবে না।

তিন. সংরক্ষিত ডিম্বাণুর পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটি যেন অন্য কারও ডিম্বাণুর সঙ্গে মিশে না যায় বা ভুল ব্যক্তির ব্যবহারে না যায়, তা নিশ্চিত করতে হবে।

চার. ডিম্বাণু নিষিক্ত করে যে ভ্রূণ তৈরি হবে, তা ওই নারীর নিজের জরায়ুতেই স্থাপন করতে হবে। অন্য নারীর জরায়ুতে ভ্রূণ স্থাপনের মতো পদ্ধতিতে বংশপরিচয় ও মাতৃত্ব নিয়ে জটিলতা তৈরি হয়। আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির সিদ্ধান্তেও তৃতীয় পক্ষের জরায়ু ব্যবহারের পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে।

পাঁচ. ডিম্বাণু ব্যবহার ও নিষিক্ত করার সময় বৈধ বিবাহ থাকতে হবে। অর্থাৎ আগে ডিম্বাণু সংরক্ষণ করা হলেও পরে বৈধ দাম্পত্য সম্পর্ক ছাড়া তা ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: বিয়ের আগে জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব কার?

চিকিৎসার প্রয়োজন আর ব্যক্তিগত সুবিধা কি এক?

সব ক্ষেত্রে বিষয়টি একভাবে দেখা যায় না। ধরা যাক, কোনো নারীর ক্যানসারের চিকিৎসা করতে হবে এবং সেই চিকিৎসায় তার ডিম্বাশয়ের কার্যক্ষমতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় ভবিষ্যতে সন্তান ধারণের সুযোগ ধরে রাখতে চিকিৎসকের পরামর্শে ডিম্বাণু সংরক্ষণের প্রয়োজন হতে পারে। এ ধরনের চিকিৎসাগত প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে শুধু ক্যারিয়ার, পড়াশোনা বা ব্যক্তিগত পরিকল্পনার কারণে সন্তান নেওয়ার সময় পিছিয়ে দেওয়ার জন্য ডিম্বাণু সংরক্ষণ করা হলে বিষয়টি আলাদা। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক ও যোগ্য আলেমের পরামর্শ নেওয়া উচিত।

ডিম্বাণু ফ্রিজিং আর ভ্রূণ ফ্রিজিং কি এক?

না, দুটো এক বিষয় নয়। ডিম্বাণু ফ্রিজিংয়ের সময় ডিম্বাণু এখনো নিষিক্ত হয়নি। পরে বৈধ স্বামীর শুক্রাণু দিয়ে সেটি নিষিক্ত করে ভ্রূণ তৈরি করা হয়।

আর ভ্রূণ ফ্রিজিংয়ের ক্ষেত্রে ডিম্বাণু ও শুক্রাণু আগে থেকেই নিষিক্ত হয়ে ভ্রূণ তৈরি হয়ে যায়। ফলে পরে সেই ভ্রূণ কীভাবে ব্যবহার করা হবে, বৈবাহিক সম্পর্ক তখন আছে কি না এবং ভ্রূণটি কার- এসব প্রশ্ন সামনে আসে। তাই দুই বিষয়কে একই বিধানের মধ্যে দেখা ঠিক নয়।

স্বামী মারা গেলে বা তালাক হলে কী হবে?

শুধু ডিম্বাণু সংরক্ষণ করা থাকলে সেটি এখনো নিষিক্ত হয়নি। কিন্তু স্বামীর শুক্রাণু দিয়ে আগে থেকেই ভ্রূণ তৈরি করে সংরক্ষণ করা হলে পরিস্থিতি জটিল হয়ে যায়।

তালাক বা স্বামীর মৃত্যুর পর সেই ভ্রূণ ব্যবহার করা যাবে কি না এ বিষয়ে আলাদা ফিকহি প্রশ্ন রয়েছে। তাই এমন পরিস্থিতিতে সাধারণ নিয়মের ওপর নির্ভর না করে একজন যোগ্য মুফতি বা নির্ভরযোগ্য ফতোয়া বোর্ডকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

ডিম্বাণু সংরক্ষণ করলেই কি ভবিষ্যতে সন্তান হবে?

না। ডিম্বাণু সংরক্ষণ ভবিষ্যতে সন্তান হওয়ার নিশ্চয়তা দেয় না। কোন বয়সে ডিম্বাণু সংগ্রহ করা হয়েছে, কতগুলো সংরক্ষণ করা হয়েছে, সেগুলোর মান কেমন এবং পরে নিষিক্তকরণ ও ভ্রূণ জরায়ুতে স্থাপনের প্রক্রিয়া কতটা সফল হয়েছে- এসব বিষয়ের ওপর ফলাফল নির্ভর করে।

তাই ডিম্বাণু ফ্রিজিংকে ভবিষ্যতে সন্তান হওয়ার নিশ্চয়তা হিসেবে দেখা ঠিক নয়। বিশেষ করে চিকিৎসাগত প্রয়োজন থাকলে ডিম্বাণু সংরক্ষণের আগে সংশ্লিষ্ট চিকিৎসক ও নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নেওয়া উচিত। কারণ এখানে চিকিৎসার প্রয়োজনের পাশাপাশি বৈবাহিক সম্পর্ক, বংশপরিচয় এবং ভবিষ্যতে ডিম্বাণুটি কীভাবে ব্যবহার করা হবে-এসব বিষয়ও বিবেচনা করতে হয়। আল্লাহই সর্বাধিক জানেন।

তথ্যসূত্র: আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমি, জর্ডান ইফতা বিভাগ, ইসলামওয়েব, বিবিসি; সহিহ বুখারি