ধর্ম ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
মসজিদে জামাতে নামাজ পড়ছেন। হঠাৎ দেখলেন, বাইরে রাখা নিজের জুতা কেউ নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নামাজ চালিয়ে যাবেন, নাকি জুতা উদ্ধারের জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?
ইসলামি শরিয়তে মূল্যবান ও প্রয়োজনীয় সম্পদ রক্ষার প্রয়োজন হলে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে। তাই নামাজরত অবস্থায় এমন কোনো সম্পদ চুরি হতে দেখলে, তা উদ্ধারের জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ।
মূল্যবান ও প্রয়োজনীয় সম্পদ রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে একাধিক তাবেয়ির আমলের কথাও উল্লেখ করা হয়েছে। তাঁরা নামাজরত অবস্থায় নিজেদের বাহন চলে যেতে দেখলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দিতেন।
আরও পড়ুন: হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে কি নামাজ ভেঙে যাবে?
কোনো কোনো ফকিহ বলেছেন, এক দিরহাম অর্থাৎ ৩.০৬১৪ গ্রাম রুপার সমপরিমাণ সম্পদ রক্ষার জন্যও নামাজ ছেড়ে দেওয়া জায়েজ।
তবে এ বিধান প্রয়োগের ক্ষেত্রে সম্পদের প্রয়োজনীয়তা ও ক্ষতির আশঙ্কা বিবেচনা করতে হবে। মূল্যবান বা প্রয়োজনীয় কোনো সম্পদ বাস্তবেই চুরি বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া যেতে পারে।
সামান্য বা অপ্রয়োজনীয় কোনো জিনিসের জন্য এ বিধান প্রযোজ্য নয়। শুধু সন্দেহের ভিত্তিতেও নামাজ ভেঙে ফেলা উচিত নয়। তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে সম্পদটি হারিয়ে যাওয়ার বাস্তব আশঙ্কা থাকলেই এ সুযোগ প্রযোজ্য হবে।
আরও পড়ুন: নামাজে নারীর টাখনু বের হয়ে গেলে কি নামাজ ভেঙে যাবে?
এ ধরনের পরিস্থিতি এড়াতে নামাজে দাঁড়ানোর আগেই জুতা ও অন্যান্য মূল্যবান জিনিস নিরাপদে রাখার ব্যবস্থা করা উচিত। ফতোয়াতেও নামাজের আগে জুতা-মালপত্র সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে, যাতে নামাজের সময় এসব নিয়ে দুশ্চিন্তা তৈরি না হয়।
নামাজের আগে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে সম্পদ নিরাপদ রাখার পাশাপাশি ইবাদতে একাগ্রতাও বজায় রাখা সম্ভব।
তথ্যসূত্র: মুসান্নাফে আবদুর রাজ্জাক: ২/২৬১; হিন্দিয়া: ১/১০৯; আদ্দুররুল মুখতার: ২/৫১