Dhaka Mail Logo

ইসলাম

কারও নাম ভুলে গেলে কীভাবে জিজ্ঞেস করবেন

ধর্ম ডেস্ক

২৮ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

পরিচিত একজনের সঙ্গে হঠাৎ দেখা। কথা বলতে গিয়ে বুঝলেন, তার নামটি কিছুতেই মনে পড়ছে না। মুখটা পরিচিত, আগের কথাবার্তাও মনে আছে, শুধু নামটিই যেন কোথাও আটকে গেছে। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে পড়া স্বাভাবিক। কেউ আন্দাজ করে নাম বলে ফেলেন, কেউ আবার নাম না ধরেই কথোপকথন চালিয়ে যান।

এমন মুহূর্তে ভুল নাম ধরে ডাকার চেয়ে বিনয়ের সঙ্গে আবার জেনে নেওয়াই ভালো। ইসলামে মানুষের সম্মান রক্ষা ও সুন্দর আচরণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ভুল নাম ধরে ডাকবেন না

নামটি নিশ্চিতভাবে মনে না থাকলে অনুমান করে কাউকে ডাকা ঠিক নয়। বিশেষ করে এমন কোনো নাম যেন ব্যবহার না হয়, যা তিনি অপছন্দ করেন বা শুনে বিব্রত হতে পারেন।

আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা একে অপরকে উপহাস করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নামকরণ অতি নিকৃষ্ট।’ (সুরা হুজরাত: ১১)

আয়াতটি অপমানজনক নামে কাউকে ডাকার ব্যাপারে সতর্ক করেছে। তাই অস্বস্তি এড়াতে গিয়ে ভুল নামে ডাকার চেয়ে বিনয়ের সঙ্গে জেনে নেওয়াই ভালো।

আরও পড়ুন: অজান্তেই সওয়াব হয় যেসব ছোট ছোট কাজে

সরাসরি জিজ্ঞেস করাই সহজ

এ জন্য অতিরিক্ত কৌশল করার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে বলা যায়, ‘ভাই, আপনার নামটা আবার বলবেন? এই মুহূর্তে মনে করতে পারছি না।’

আরও সংক্ষেপে বলা যায়, ‘দুঃখিত, আপনার নামটা মনে পড়ছে না।’

নিজের ভুলটি স্বীকার করে নিলে পরিস্থিতি অনেক সময় সহজ হয়ে যায়। অস্বস্তি লুকাতে গিয়ে অস্বাভাবিক আচরণ করার প্রয়োজন নেই।

নামের বানান জানতে পারেন

ফোন নম্বর সংরক্ষণ করার সময় বলা যায়, ‘আপনার নামটা ঠিক কোন বানানে লিখব?’

এটি স্বাভাবিক একটি প্রশ্ন। এতে সঠিক নাম ও বানান দুটোই জানা হয়ে যায়।

পরিচিত কারও সাহায্য নেওয়া যায়

কোনো অনুষ্ঠানে কারও নাম মনে না পড়লে উপস্থিত পরিচিত অন্য কারও সাহায্য নেওয়া যেতে পারে। তবে বিষয়টি হতে হবে কৌশলী। খেয়াল রাখতে হবে, নাম ভুলে যাওয়ার বিষয়টি যেন সংশ্লিষ্ট ব্যক্তি বুঝতে না পারেন। কারণ তিনি জানলে নিজেকে গুরুত্বহীন মনে করে কষ্ট পেতে পারেন। মূল লক্ষ্য হবে কাউকে ছোট না করে সম্মান বজায় রেখে নামটি জেনে নেওয়া।

আরও পড়ুন: মানবসেবার ১৪ উদাহরণ: আল্লাহর সন্তুষ্টি যেখানে

নামটি একবার ব্যবহার করুন

নামটি জেনে নেওয়ার পর কথার মধ্যে একবার ব্যবহার করলে সেটি মনে রাখা সহজ হয়।

যেমন, ‘রহিম ভাই, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’

বিদায়ের সময়ও বলা যায়, ‘ভালো থাকবেন, রহিম ভাই।’

নামটিকে তাঁর কোনো পরিচিত তথ্যের সঙ্গেও মিলিয়ে রাখা যায়। তিনি কোথায় থাকেন, কী কাজ করেন বা কোথায় প্রথম দেখা হয়েছিল এমন একটি তথ্য মনে রাখলে পরেরবার নামটি মনে করতে সুবিধা হবে।

ভুল নাম নয়, সম্মান আগে

কাউকে তাঁর সঠিক নাম ধরে সম্মানের সঙ্গে ডাকা সুন্দর শিষ্টাচারের অংশ। তাই নামটি নিশ্চিত না হলে অনুমান করে ভুল নামে ডাকা ঠিক নয়। ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, নাম বিকৃত করা মানুষের আত্মমর্যাদার ওপর আঘাত হানে, যা ইসলামের নৈতিকতার পরিপন্থী। (ইবনে হাজার, ফাতহুল বারি: ১০/৫৭২)

এমন পরিস্থিতিতে লজ্জা না পেয়ে বিনয়ের সঙ্গে নামটি আবার জেনে নেওয়া উত্তম। নাম ভুলে যাওয়া স্বাভাবিক বিষয়, তবে নিজের অস্বস্তি এড়াতে গিয়ে অন্যকে বিব্রত করা কোনোভাবেই কাম্য নয়।

নাম হয়তো স্মরণে নেই, কিন্তু মানুষটির প্রতি সম্মান যেন বজায় থাকে।

তথ্যসূত্র: সুরা হুজরাত: ১১; ফাতহুল বারি: ১০/৫৭২