Dhaka Mail Logo

ইসলাম

বাথরুমে হাঁচি দিলে কি ‘আলহামদুলিল্লাহ’ বলা যাবে?

ধর্ম ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম

হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বলা ইসলামের একটি সুন্দর আদব। রাসুল (স.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন হাঁচি দেয়, তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে।’ (সহিহ বুখারি: ৬২২৪)

তবে প্রশ্ন হলো, বাথরুমে হাঁচি দিলে কী করবেন?

টয়লেটে মুখে কিছু বলবেন না

পেশাব-পায়খানার সময় মুখে আল্লাহর নাম নেওয়া থেকে বিরত থাকা উচিত। এটি আল্লাহর নামের প্রতি সম্মান প্রদর্শনেরই একটি আদব। তাই ওই অবস্থায় হাঁচি দিলে মুখে ‘আলহামদুলিল্লাহ’ বলা যাবে না।

তবে মনে মনে আল্লাহর প্রশংসা করা যাবে। অর্থাৎ, জিহ্বা না নেড়ে কেবল অন্তরে ‘আলহামদুলিল্লাহ’ স্মরণ করা যেতে পারে।

আরও পড়ুন: হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে কি নামাজ ভেঙে যাবে?

বাথরুমের অন্য অংশে কী করবেন?

বাথরুমের যে অংশে পেশাব-পায়খানা করা হয় না, যেমন বেসিন বা গোসলের স্থান, সেখানে আল্লাহর নাম নেওয়ার ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা নেই। তাই এসব স্থানে হাঁচি দিলে অনুচ্চস্বরে ‘আলহামদুলিল্লাহ’ বলা যায়।

হাঁচিদাতার জবাব

সাধারণ অবস্থায় হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বলা সুন্নত। কেউ তা শুনলে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে। হাঁচিদাতা জবাবে বলবে, ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম।’ (সহিহ বুখারি: ৬২২৪)

তথ্যসূত্র: সহিহ বুখারি: ৬২২৪; রদ্দুল মুহতার: ১/১৭৪, ৬/৪১৪