ধর্ম ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম
পবিত্র মক্কায় চলছে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের কোরআন হাফেজ ও ক্বারিদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় এবার পুরস্কারের অর্থ ১ কোটি সৌদি রিয়ালের বেশি।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এবারের প্রতিযোগিতায় ১৩৩ দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে নারী ও পুরুষ উভয় প্রতিযোগী রয়েছেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে কোরআন মুখস্থ, তেলাওয়াত ও ব্যাখ্যার বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে।
মসজিদুল হারামের মুসল্লি ও দর্শনার্থীদের নজর কেড়েছে প্রতিযোগিতার আন্তর্জাতিক অংশগ্রহণ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোরআন হাফেজ ও ক্বারিদের এই সমাবেশকে পবিত্র কোরআন মুখস্থ ও তেলাওয়াতে উৎসাহ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন তাঁরা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক প্যানেলে বাংলাদেশি
এবারের আয়োজনে প্রযুক্তির ব্যবহারও রয়েছে। প্রতিযোগিতা সম্পর্কে তথ্য দিতে ইন্টার্যাকটিভ স্ক্রিনযুক্ত রোবট রাখা হয়েছে। এসব রোবট ৯০টির বেশি ভাষায় তথ্য দিতে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে।
এবারের প্রতিযোগিতায় মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের অর্থের পাশাপাশি প্রতিযোগিতার ইতিহাস তুলে ধরতে মক্কায় একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এতে প্রতিষ্ঠার পর থেকে প্রতিযোগিতাটির বিভিন্ন পর্যায়ের ইতিহাস ও অগ্রযাত্রা তুলে ধরা হচ্ছে।
কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা সৌদি আরবের অন্যতম বড় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের কোরআন হাফেজ ও ক্বারিরা এতে অংশ নেন।
তথ্যসূত্র: এসপিএ