ধর্ম ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম
আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য, ঐতিহ্য ও শিল্পবৈচিত্র্য তুলে ধরতে সৌদি আরবের রিয়াদে নানা আয়োজন করেছে কিং আবদুলআজিজ পাবলিক লাইব্রেরি। বিশ্ব ক্যালিগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত এসব কার্যক্রমে আরবি লিপির নান্দনিকতা ও ইতিহাসের পাশাপাশি পবিত্র কোরআনের দুর্লভ পাণ্ডুলিপি এবং বিভিন্ন যুগ ও অঞ্চলের ক্যালিগ্রাফিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
প্রতি বছর ১৩ আগস্ট বিশ্ব ক্যালিগ্রাফি দিবস পালিত হয়। এ উপলক্ষে আরবি ক্যালিগ্রাফিকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দৃশ্যশিল্প হিসেবে তুলে ধরছে কিং আবদুলআজিজ পাবলিক লাইব্রেরি। কাগজ, কাপড় ও বস্ত্রে লেখার পাশাপাশি শিল্পীদের ক্যানভাস, দেয়াল ও মসজিদের গম্বুজেও আরবি লিপির ব্যবহার কীভাবে শিল্পের রূপ পেয়েছে, তা বিভিন্ন আয়োজনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য ও বৈচিত্র্য তুলে ধরতে লাইব্রেরিটি বিভিন্ন সময়ে একাধিক প্রদর্শনীর আয়োজন করেছে। এর মধ্যে ‘আন্তর্জাতিক আরবি ক্যালিগ্রাফি প্রদর্শনী’তে আরবি ক্যালিগ্রাফির নান্দনিকতা ও শিল্পকলা নিয়ে ২০০টির বেশি বই প্রদর্শন করা হয়। পাশাপাশি খ্যাতনামা ক্যালিগ্রাফারদের বিভিন্ন শিল্পকর্মও এতে স্থান পায়।
আরও পড়ুন: মক্কায় বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআনের প্রদর্শনী: গিনেস রেকর্ড

এ ছাড়া দক্ষ ক্যালিগ্রাফার, শিক্ষানবীশ ও নবীনদের জন্য ১৫টি কর্মশালার আয়োজন করা হয়। শিশুদের জন্য অনুষ্ঠিত হয় তাৎক্ষণিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা। ক্যালিগ্রাফি চর্চার বিভিন্ন সরঞ্জাম বিক্রির ব্যবস্থাও ছিল এসব আয়োজনে।
আরবি ক্যালিগ্রাফির ইতিহাসে পবিত্র কোরআনের পাণ্ডুলিপির বিশেষ গুরুত্ব রয়েছে। কিং আবদুলআজিজ পাবলিক লাইব্রেরির সংগ্রহে বিভিন্ন ধরনের লিপিতে লেখা, অলংকৃত ও সোনালি নকশায় সজ্জিত বিপুলসংখ্যক পাণ্ডুলিপি রয়েছে। লাইব্রেরির সংগ্রহে থাকা পাণ্ডুলিপির সংখ্যা ৭ হাজারের বেশি। এসব পাণ্ডুলিপিতে বিভিন্ন আকার ও শৈলীতে আরবি লিপির বৈচিত্র্য ও সৌন্দর্য ফুটে উঠেছে। পাশাপাশি আন্দালুসীয় পাণ্ডুলিপি ও নথির একটি সংগ্রহও রয়েছে, যেখানে আন্দালুসের ক্যালিগ্রাফির স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন: মক্কায় বিদেশিদের জন্য আরবি ভাষা শিক্ষা চালু

লাইব্রেরির সংগ্রহে থাকা ৩৫০টির বেশি কোরআনের কপির মধ্য থেকে নির্বাচিত দুর্লভ পাণ্ডুলিপি নিয়ে পৃথক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শতাব্দীতে লেখা সোনালি নকশা ও অলংকরণে সজ্জিত কোরআনের কপি প্রদর্শন করা হয়।
এসব পাণ্ডুলিপিতে কোরআনের সুরা ও আয়াতের প্রান্তসজ্জা, অলংকারমূলক নকশা, ক্ষুদ্রচিত্র এবং সোনালি অলংকরণের নানা কৌশল দেখা যায়। নাসখ, কুফি, সুলুস, তিম্বুকতি ও সুদানি লিপিসহ বিভিন্ন শৈলীর ক্যালিগ্রাফি এতে স্থান পেয়েছে। পাশাপাশি শাম, ইরাক, মিসর ও ইয়েমেনের ক্যালিগ্রাফিক ঐতিহ্যেরও নিদর্শন রয়েছে। এসব পাণ্ডুলিপি আরবি লেখনশিল্পের দীর্ঘ ইতিহাস ও ইসলামি শিল্পকলার বৈচিত্র্য তুলে ধরে।
কোরআনের পাণ্ডুলিপির পাশাপাশি হজবিষয়ক বিভিন্ন প্রদর্শনীতেও আরবি ক্যালিগ্রাফির ব্যবহার তুলে ধরেছে লাইব্রেরি। এসব প্রদর্শনীতে বিভিন্ন আরবি লিপিতে লেখা হজসংক্রান্ত চিত্রকর্ম ও পাণ্ডুলিপি স্থান পায়। আরবি কবিতা নিয়ে আয়োজিত প্রদর্শনীতে রুকআ, নাসখ ও দিওয়ানি লিপিতে লেখা কবিতার পাণ্ডুলিপি ও শিল্পকর্ম প্রদর্শন করা হয়। বিভিন্ন সময়ের আরবি ও ইসলামি মুদ্রায় ব্যবহৃত ক্যালিগ্রাফিও পৃথক প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

আরবি ক্যালিগ্রাফি নিয়ে গবেষণা ও অধ্যয়নের জন্যও লাইব্রেরিটিতে রয়েছে সমৃদ্ধ সংগ্রহ। সেখানে আরবি ক্যালিগ্রাফি ও এর শিল্পকলা সম্পর্কিত ৬ হাজার ৪৭৫টি বই রয়েছে। গবেষক ও আরবি ক্যালিগ্রাফিতে আগ্রহীদের জন্য এসব বই পাঠকক্ষগুলোতে রাখা হয়েছে।
এ ছাড়া আরবি লেখার বিবর্তন ও বিভিন্ন ধরনের লিপি নিয়ে লাইব্রেরি ‘হাদারাতুল কিতাবাহ’ বা ‘লিখন সভ্যতা’ শিরোনামে একটি বই প্রকাশ করেছে। এতে আরবি লেখনপদ্ধতির বিকাশ ও বিভিন্ন লিপির বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
সূত্র: সৌদি প্রেস এজেন্সি