ধর্ম ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম
২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো পর্যালোচনার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।
সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কথা বলেন।
মিজানুর রহমান আজহারী বলেন, ‘উদ্বেগের বিষয় হচ্ছে, দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী।’
আরও পড়ুন: এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য আজহারির দোয়া
তিনি বলেন, এই সংকটের কারণ খুঁজে বের করা প্রয়োজন। কোথায় কমতি আছে এবং কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন, সেসব বিষয় নিয়েও আলোচনা হওয়া জরুরি।
শুধু শিক্ষার্থীদের দায়ী না করে শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে গভীরভাবে ভাবার আহ্বান জানান তিনি। একইসঙ্গে এ পরিস্থিতি থেকে উত্তরণে টেকসই সমাধান হাজির করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আরও পড়ুন: রেজাল্টের পর আত্মহত্যা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ৯ হাজার ১৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৬টির কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে ৮৮টি মাদরাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।