ধর্ম ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম
দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী বলেছেন, পরিপূর্ণ মুমিন হতে হলে হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকা, প্রতিবেশীর হক আদায় করা এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া জরুরি।
শুক্রবার (৭ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার পূর্বের বয়ানে তিনি এসব কথা বলেন।
বয়ানের শুরুতে আল্লামা নোমানী হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) একবার সাহাবিদের জিজ্ঞেস করেন, ‘কে আছো যারা আমার কাছ থেকে কিছু বিষয় গ্রহণ করবে, তা নিজেরা আমল করবে অথবা অন্যদের শেখাবে?’
তখন হজরত আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমি প্রস্তুত আছি হে আল্লাহর রাসুল।’ এরপর রাসুলুল্লাহ (স.) তাঁর হাত ধরে পাঁচটি বিষয় শিক্ষা দেন।
আল্লামা নোমানী বলেন, প্রথমত, হারাম থেকে বেঁচে থাকতে হবে। এতে মানুষ বড় ইবাদতগুজার হতে পারে। আল্লাহ তাআলা কিছু বিষয় হালাল করেছেন এবং কিছু বিষয় হারাম করেছেন। তাই জীবনের সবক্ষেত্রে হারাম থেকে দূরে থাকা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আরও পড়ুন: আপনার বয়ানের পর উম্মাহ কি ঐক্যবদ্ধ হয়, নাকি বিভক্ত?
তিনি বলেন, কোনো কাজ করা অনেক সময় সহজ হলেও কোনো নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বিরত রাখা কঠিন। তাই হারাম বর্জনকে রাসুলুল্লাহ (স.) বিশেষ গুরুত্ব দিয়েছেন।
দ্বিতীয়ত, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে। এতে মানুষ প্রকৃত ধনী হতে পারে। বাহ্যিক সম্পদের চেয়ে অন্তরের তৃপ্তিই প্রকৃত সম্পদ।
তৃতীয়ত, প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশীর প্রতি সদাচরণ ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। যার আচরণ থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সে পূর্ণ মুমিন হতে পারে না।
চতুর্থত, অন্যের জন্য সেই বিষয়ই পছন্দ করতে হবে, যা নিজের জন্য পছন্দ করা হয়। অন্যের সুবিধা-অসুবিধা, সুখ-কষ্ট ও পছন্দ-অপছন্দের প্রতি খেয়াল রাখা একজন প্রকৃত মুসলমানের পরিচয়।
আরও পড়ুন: ৭ আগস্ট বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম
তিনি বলেন, মানুষের হাত ও জবান থেকে অন্যরা নিরাপদ থাকবে- এটাই প্রকৃত ঈমানের পরিচয়। কোনো কথা বা কাজের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।
পঞ্চমত, অতিরিক্ত হাসি থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, বেশি হাসি অন্তরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই অপ্রয়োজনীয় হাসি-তামাশায় সময় নষ্ট না করে আল্লাহর জিকির ও আত্মশুদ্ধির কাজে মনোযোগী হওয়া উচিত।
আল্লামা নোমানী বলেন, হাদিসে বর্ণিত এই পাঁচটি বিষয় জীবনে বাস্তবায়ন করলে একজন মানুষ প্রকৃত মুমিন ও উত্তম মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
বয়ানশেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ফকিহ আবদুল মালিক হাফিজাহুল্লাহ বয়ানের সারাংশ বাংলায় উপস্থাপন করেন। এরপর আল্লামা আবুল কাসেম নোমানী আরবি খুতবা প্রদান করেন এবং তাঁর ইমামতিতে জুমার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।