Dhaka Mail Logo

ইসলাম

লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন ছাত্রদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৬, ০১:৪৩ এএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. খোকন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব ভেলাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খোকন ওই গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন ভেলাবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে ওই এলাকায় আসছে।

পরে ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করলে চালক ও আরোহী মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে রিদয় (১৯) নামের একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তবে মোটরসাইকেলটির চালক খোকন মিয়া পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় একই দিন আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে খোকন মিয়া পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বলেন, মাদক মামলার পলাতক আসামি খোকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমির হামজা নান্নু বলেন, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তার গ্রেফতারের বিষয়টিও পরে জেনেছেন। বিষয়টি জেলা ছাত্রদলকে অবহিত করা হয়েছে। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।