ধর্ম ডেস্ক
১২ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
বৃহত্তর চট্টগ্রামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, প্রথম ধাপে চট্টগ্রামের বন্যাপ্লাবিত আটটি উপজেলার মোট ৬ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

শায়খ আহমাদুল্লাহ বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি ইউনিয়নের দুই হাজার বন্যার্ত পরিবারের মধ্যে ইতোমধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। পাশাপাশি প্রথম ধাপে বন্যাকবলিত আট উপজেলার ছয় হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে, ইনশাআল্লাহ।
আরও পড়ুন: দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের পাশে চায় আস সুন্নাহ ফাউন্ডেশন
তিনি আরও জানান, শুধু জরুরি ত্রাণ বিতরণ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পরবর্তী পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

এ সময় দেশ-বিদেশের বিত্তবান ও মানবিক মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, যেকোনো পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের জরুরি বন্যা ত্রাণ প্রকল্পে অনুদান পাঠানো যাবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান পাঠানোর জন্য ব্যাংক হিসাবের পাশাপাশি বিকাশ ও নগদ মার্চেন্ট নম্বরও প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা ফাউন্ডেশনের নির্ধারিত অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম অথবা অনুমোদিত পেমেন্ট মাধ্যম ব্যবহার করে বন্যার্তদের সহায়তায় অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: বন্যার্তদের ১০০ কোটি টাকার সহায়তা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন
সাম্প্রতিক বন্যায় বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-সেবামূলক সংগঠনের পাশাপাশি আস-সুন্নাহ ফাউন্ডেশনও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।