ধর্ম ডেস্ক
১০ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুতি নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ইতোমধ্যে সংগঠনটির একটি টিম চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার (১০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ইতোমধ্যে আমাদের টিম চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। খুব শিগগিরই দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।’
তিনি মহান আল্লাহর কাছে দুর্গত মানুষের কষ্ট লাঘবের জন্য দোয়া করেন এবং সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুন: মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত, ডুবেছে চট্টগ্রাম
পোস্টে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ দুর্গতদের কষ্ট লাঘব করুন। এই দুর্যোগে আশপাশের মানুষদের এগিয়ে আসার এবং সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
পরিস্থিতি অনুযায়ী দুর্গত এলাকায় জরুরি খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমও পরিচালনা করা হবে বলে জানান তিনি।
এদিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বোয়ালখালী ও আনোয়ারার অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানিতে বসতভিটা, সড়ক, ফসলি জমি এবং মাছের ঘের ও পুকুরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে হাজারো পরিবার চরম দুর্ভোগে পড়েছে এবং বহু মৎস্যচাষী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।