ধর্ম ডেস্ক
০৫ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম
দেশের খাদ্য ও আতিথেয়তা খাতে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত প্রফেশনাল কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট কোর্সের ৫ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে শিক্ষার্থীদের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষায় ৫০টিরও বেশি ধরনের খাবার প্রস্তুত করা হয়। এসব খাবার মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের রান্নার দক্ষতা যাচাই করা হয়।
এ তথ্য জানিয়েছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিভিন্ন খাবারের ছবি প্রকাশ করে জানান, পরীক্ষায় শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দক্ষতা উপস্থাপন করেছেন। তাদের জন্য তিনি দোয়া ও শুভকামনা জানান তিনি।

তিনি আরও জানান, এর মধ্য দিয়ে কোর্সটির ৫ম ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। ইনশাআল্লাহ, শিগগিরই ৬ষ্ঠ ব্যাচের ক্লাস শুরু হবে।
শায়খ আহমাদুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই কোর্সে মোট ৮৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের অধিকাংশই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আবার কেউ কেউ নিজস্ব খাদ্যভিত্তিক ব্যবসাও গড়ে তুলেছেন।

তিনি বলেন, দক্ষতা, নৈতিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে দেশের খাদ্য ও আতিথেয়তা খাতের জন্য বিশ্বমানের শেফ ও কিচেন ম্যানেজার তৈরি করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এ প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য।

ফাউন্ডেশন জানায়, কোর্সটিতে আতিথেয়তা ও পর্যটন পরিষেবা, খাদ্য ও পানীয় প্রস্তুতের মৌলিক কৌশল, রন্ধন সরঞ্জামের ব্যবহার, খাদ্য স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা, কর্মস্থলের পরিচ্ছন্নতা, মাছ ও মাংস কাটার কৌশল, রান্নার উপকরণ প্রস্তুতি, মাদার সস ও স্যুপ তৈরি, বিভিন্ন রান্নার কৌশল, প্লেটিং ও গার্নিশিং, বর্জ্য ব্যবস্থাপনা, খাদ্য সংরক্ষণ ও ইনভেন্টরি নিয়ন্ত্রণ, খাদ্যের পুষ্টিমূল্য মূল্যায়ন, ডায়েট চার্ট প্রস্তুতিসহ মৌলিক ইসলামি জ্ঞান বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।