images

ইসলাম

রাতেই নতুন গিলাফে সাজবে কাবা, ১১ মাসে তৈরি ৬৮ আয়াতের কিসওয়া

ধর্ম ডেস্ক

১৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির প্রথম রাতেই পবিত্র কাবা শরিফে পরানো হবে নতুন গিলাফ (কিসওয়া)। সোমবার (১৫ জুন ২০২৬) এশার নামাজের পর মক্কার মসজিদুল হারামে শুরু হবে এ ঐতিহাসিক ও আধ্যাত্মিক আয়োজন, যেখানে পরিবর্তন করা হবে কাবার পুরোনো গিলাফ।

প্রতি বছরের মতো এবারও অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে নতুন কিসওয়া। এটি তৈরিতে সময় লেগেছে প্রায় ১১ মাস।

নতুন কিসওয়া ৪৭টি বিশুদ্ধ রেশমের প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। এতে সোনালি ও রূপালি প্রলেপযুক্ত সুতা দিয়ে সূচিকর্মের মাধ্যমে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত খচিত রয়েছে। পুরো গিলাফের মোট ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি।

আরও পড়ুন: কাবা বায়তুল্লাহ: আল্লাহর কুদরতি নিদর্শন

কিসওয়া প্রস্তুত ও মান নিয়ন্ত্রণের সব ধাপ তত্ত্বাবধান করেছে মক্কায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়া।

new_gilaf_kiswa

কাবার গিলাফ তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয় সাতটি ধাপে। প্রথমে রেশম প্রক্রিয়াজাতকরণের জন্য পানি বিশুদ্ধ করা হয়। এরপর রেশম ধোয়া ও রং করা, তাঁতে বয়ন করে কাপড়ে রূপ দেওয়া, কুরআনের আয়াত ও অলংকারিক নকশা মুদ্রণ, বিভিন্ন অংশ সংযুক্ত করে সেলাই, সোনা ও রূপার প্রলেপযুক্ত সুতা দিয়ে সূচিকর্ম এবং সর্বশেষ ধাপে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে কিসওয়ার পরিপূর্ণতা নিশ্চিত করা হয়।

কিসওয়া তৈরিতে ব্যবহৃত হয় বিশুদ্ধ রেশম, রূপা, সোনার প্রলেপযুক্ত রূপার সুতা ও তুলা।

new-kiswah-gilaf

বছরের পর বছর ধরে প্রচলিত ঐতিহ্য অনুযায়ী প্রতি হিজরি বছরের প্রথম দিন (১ মুহাররম) পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হয়।

পবিত্র কাবার কিসওয়া পরিবর্তনের এ আয়োজন বিশ্ব মুসলিম উম্মাহর কাছে গভীর আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর কোটি কোটি মুসলমান এ পবিত্র আয়োজন গভীর আগ্রহের সঙ্গে প্রত্যক্ষ করেন এবং নতুন বছরের সূচনায় কাবার নতুন সাজকে স্বাগত জানান।